Calcutta Television Network

পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরে মোদী, বাংলার ঐতিহ্যের আবহে উষ্ণ অভ্যর্থনা

পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরে মোদী, বাংলার ঐতিহ্যের আবহে উষ্ণ অভ্যর্থনা
20 June 2026 • 05:49:54 pm

পশ্চিমবঙ্গ দিবসের প্রথম সরকারি উদ্‌যাপনকে ঘিরে শনিবার হুগলির তারকেশ্বর পরিণত হল রাজনৈতিক ও সাংস্কৃতিক আবেগের এক বিশেষ মঞ্চে। এই অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁকে বরণ করে নিতে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির নানা নিদর্শন তুলে ধরল রাজ্য সরকার।

সভামঞ্চে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর হাতে তুলে দেওয়া হয় বাংলার ঐতিহ্যবাহী ডোকরার দুর্গামূর্তি, তারকনাথের ছবি, সঙ্গে বাংলার জনপ্রিয় মিষ্টি রসগোল্লা এবং জলভরা সন্দেশ। এই উপহারগুলির মধ্য দিয়েই বাংলার সংস্কৃতি ও আধ্যাত্মিকতার বার্তা পৌঁছে দেওয়া হয় প্রধানমন্ত্রীর কাছে। শনিবার দুপুরে দমদম বিমানবন্দরে অবতরণের পর সোজা হেলিকপ্টারে তারকেশ্বরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। বিকেল চারটার কিছু পরে তাঁর হেলিকপ্টার সভাস্থলে অবতরণ করে। এর আগেই সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল আর. এন. রবি।

এ বছর প্রথমবার ২০ জুন দিনটিকে সরকারিভাবে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। ১৯৪৭ সালের এই দিনেই বাংলার প্রাদেশিক আইনসভায় পশ্চিমবঙ্গকে ভারতের অংশ হিসেবে রাখার প্রস্তাব গৃহীত হয়েছিল। সেই ঐতিহাসিক সিদ্ধান্তের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে রয়েছে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম। তাই এই দিনের উদ্‌যাপনে তাঁর অবদানকেও বিশেষভাবে স্মরণ করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে তারকেশ্বরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সভাস্থল সাজানো হয়েছে পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে কেন্দ্র করে। কোথাও কলকাতার হলুদ ট্যাক্সির প্রতিরূপ, কোথাও হাতে টানা রিকশা, আবার কোথাও দক্ষিণেশ্বর মন্দির ও বেলুড় মঠের ছবি— গোটা চত্বর যেন বাংলার পরিচয়ের এক জীবন্ত প্রদর্শনী। মঞ্চসজ্জাতেও ছিল বিশেষ চমক। থাইল্যান্ড থেকে আনা অ্যান্থুরিয়াম, উটির জারবেরা ও লিলি-সহ বিভিন্ন প্রজাতির ফুলে সাজানো হয়েছে মূল মঞ্চ। গোলাপ, ব্লু ডেইজি, রজনীগন্ধা এবং গাঁদা ফুলের সমাহারে তৈরি হয়েছে এক বর্ণময় পরিবেশ।

রাজ্যে রওনা দেওয়ার আগে সমাজমাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, পশ্চিমবঙ্গ সাহিত্য, সঙ্গীত, শিল্প, বিজ্ঞান, আধ্যাত্মিকতা এবং সমাজ সংস্কারে ভারতের ইতিহাসকে সমৃদ্ধ করেছে। একই সঙ্গে তিনি স্মরণ করেন ২০ জুনের ঐতিহাসিক তাৎপর্য এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে। রাজনৈতিক পালাবদলের পর প্রথম পশ্চিমবঙ্গ দিবস উদ্‌যাপনকে ঘিরে রাজ্যজুড়ে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। তারকেশ্বরের এই অনুষ্ঠান সেই ঐতিহাসিক মুহূর্তকেই আরও স্মরণীয় করে তুলল।

Related Posts
×
  • CTVN