Calcutta Television Network

‘স্বচ্ছতাকে স্বাগত’ অভিযান, কলকাতা পুরসভার মঞ্চে ঐক্যের বার্তা শুভেন্দুর

‘স্বচ্ছতাকে স্বাগত’ অভিযান, কলকাতা পুরসভার মঞ্চে ঐক্যের বার্তা শুভেন্দুর
15 June 2026 07:45:18 pm

বিশ্ব যোগ দিবসের আগে কলকাতাকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল করে তুলতে শহরজুড়ে বিশেষ সাফাই অভিযান শুরু করল রাজ্য সরকার। ‘স্বচ্ছতাকে স্বাগত’ শীর্ষক এই কর্মসূচির সূচনা করতে সোমবার কলকাতা পুরসভায় হাজির হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ২১ জুন রেড রোডে আয়োজিত বিশ্ব যোগ দিবসের মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতির কথা মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

তবে কর্মসূচির চেয়েও বেশি নজর কাড়ে মঞ্চের রাজনৈতিক সমীকরণ। মুখ্যমন্ত্রীর পাশে দেখা যায় তৃণমূলের বিদ্রোহী শিবিরের নেতা সন্দীপন সাহা ও সাংসদ মালা রায়কে। একই সারিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, জাভেদ খান-সহ একাধিক পরিচিত মুখ। উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাও। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলের সদস্য হিসেবে পরিচিত কাজরী বন্দ্যোপাধ্যায়ও অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী অতীতের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, “কলকাতা পুরসভায় শেষবার এসেছিলাম ২০১৭ সালে, তখন মন্ত্রী হিসেবে। আজ মুখ্যমন্ত্রী হিসেবে এখানে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।” রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “এখন আর এই পক্ষ বা ওই পক্ষ নয়, এখন উন্নয়নের পক্ষ। মানুষের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, সরকারের সঙ্গে কারও ব্যক্তিগত বা রাজনৈতিক বিরোধ নেই। যাঁরা উন্নয়নের কাজে শামিল হতে চান, তাঁদের জন্য দরজা খোলা। তবে যারা এই প্রক্রিয়া থেকে নিজেদের দূরে রাখবেন, সময়ের স্রোতে তারাই বিচ্ছিন্ন হয়ে পড়বেন বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি।

প্রশাসনিক সূত্রে খবর, আগামী কয়েক দিন ধরে কলকাতার বিভিন্ন ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলবে। রাস্তা, নিকাশি ব্যবস্থা, বাজার এলাকা, পার্ক এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যোগ দিবসকে সামনে রেখে শহরকে নতুন সাজে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। রাজনৈতিক মহলের একাংশের মতে, সাফাই অভিযানের উদ্বোধনী মঞ্চে বিভিন্ন রাজনৈতিক শিবিরের নেতাদের উপস্থিতি শুধু প্রশাসনিক কর্মসূচির গুরুত্বই নয়, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিরও একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। উন্নয়ন ও প্রশাসনিক কার্যকারিতাকেই সামনে রেখে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে কলকাতা পুরসভার এই মঞ্চ থেকে।

Related Posts
×
  • CTVN