Calcutta Television Network

নাগাল্যান্ডের বুকে ঐতিহ্যের রঙিন মেলা, হর্নবিল উৎসব

নাগাল্যান্ডের বুকে ঐতিহ্যের রঙিন মেলা, হর্নবিল উৎসব
13 October 2026 • 01:15:23 pm

উত্তরপূর্ব ভারত, যাকে আমরা ব্রাত্য করে রেখেছি মূল ভূখন্ডের সোয়া দুই কিলো বেশি ভারতীয় বলে দাবী করা লোকজন। ট্রেনে বাসে কিংবা ফ্লাইট বুকিংয়ের লাইনে দেখা গেলেও ছুঁড়ে দিয়েছি বিদ্রুপ, কটাক্ষের মোড়কে ধেয়ে এসেছে ‘মোমো’ নামক ঘৃণ্য রসিকতা। তবু তারা বারবার প্রমান দিয়েছে তাঁদের অস্তিত্ব। ইন্ডিয়ান আর্মিতে। ফুটবল টিমে। আমরা মুখ ঘুরিয়েছি জ্বলন্ত উত্তরপূর্ব ভারত থেকে। কিন্তু সেই মানচিত্র ঘিরেও বেঁচে আছে কিছু ঐতিহ্য। কিছু সংস্কৃতির রোজনামচা। আজ খানিক চর্চা করা যাক।


হর্নবিল ফেস্টিভ্যাল। নাগাল্যান্ড রাজ্যের অন্যতম বিখ্যাত সংস্কৃতিক উৎসব। টানা ১০দিন ব্যাপী চলে এই উদযাপন। নাগাল্যান্ডব্যাপী বহু সংস্কৃতির মধ্যে ঐক্যকে বজায় রেখে প্রত্যেকের স্বতন্ত্র পরিচয়কে তুলে আনা এই উৎসবের ঐতিহ্য। ২০০০ সালে নাগাল্যান্ড সরকার প্রথমবার এই উৎসবের পরিকল্পনা করে। একসময় সূচনাও হয়। ধীরেধীরে একসময় এই উৎসব ছড়িয়ে পড়ে নাগাল্যান্ডের মানুষের যাপনে। গোটা রাজ্যই এক অদ্ভুত মাদকতায় মেতে ওঠে এই দশদিনব্যাপী। বর্তমানে ভিন্ন জনজাতিগুলির সাংস্কৃতিক আদান-প্রদানের একটা পরিসরও এই অনুষ্ঠান। 


এই উৎসবে নাগাল্যান্ডের মানুষ একত্রিত হয়ে বিভিন্ন লোকনৃত্য পরিবেশন করেন। কোথাও দেখা যায় তাঁদের সংস্কৃতির আদিম নাচ যুদ্ধনৃত্য। কেউ কেউ মেতে থাকেন নাগা লোকসংগীতে। বিভিন্ন ধরণের রঙিন পোশাকে সজ্জিত হতে দেখা যায় তাঁদের। পুঁথির মালা, পালকযুক্ত মাথার সাজে স্বতন্ত্র তাঁদের নিজস্ব নাচ তারা পরিবেশন করেন। গানের দলগুলি মেতে থাকে সম্মিলিত কোরাস সহযোগে সঙ্গীত পরিবেশনায়। এছাড়াও উৎসব উপলক্ষে বিবিধ খ্যাতনামা নাগা খাবার বিক্রি হয়। স্মোকড পর্ক, নাগাল্যান্ডের জনপ্রিয় আহার। এর পাশাপাশি বাঁশকোরার বিভিন্ন পদ ও অ্যাক্সোন, যা হল গাঁজানো সোয়াবিন, সহযোগে ভিন্ন পদ পাওয়া যায়। নানান স্থানীয় সবজি ও বিখ্যাত নাগা কিং চিলির তৈরী পদ এখানে পাওয়া যায়। যা চেখে দেখতে বহু দেশবিদেশ থেকে লোক আসে। এছাড়াও বসে বস্ত্রশিল্পের বাজার। বাঁশ ও বেতের নানা জিনিস, হাতে বোনা কাপড়, নানান ঐতিহ্যবাহী অলংকার বিক্রি হয় দোকানগুলিতে। এগুলি সেখানকার জনজাতির কুটির শিল্প। দীর্ঘসময় ধরে বাড়িতে বুনে এগুলি তারা তৈরী করেন শুধুমাত্র বছরের এইসময়টুকুর জন্য। চলে কুস্তি, জুডো ইত্যাদি খেলার প্রদর্শনী। বিভিন্ন রক কনসার্টও আয়োজিত হয়, এই উৎসব উপলক্ষে। এর উল্লেখ আমরা রক অন ২ নামক ফারহান আখতার অভিনীত একটি চলচ্চিত্রেও দেখতে পাই। সারাদিনরাত ব্যাপী চলে এই অনুষ্ঠান। আঙ্গামি, আও, সুমি, কন্যাক, লোথা… বিভিন্ন জনজাতি এই উৎসবে অংশ নেয়। ডিসেম্বরের শুরুর ১০দিন টানা চলে উদযাপন। তাই পুজো শেষে বাঙালি ঢু মারতে চাইলে একবার কোহিমাগামী ট্রেনে চেপে বসাই যেতে পারে। গন্তব্য কিসামা হেরিটেজ ভিলেজ।