সুর বদল তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা পুরসভার নোটিসের জবাব দিতে ১০ দিন সময় চেয়েছেন তাঁর আইনজীবী। কালীঘাট ও হরিশ মুখার্জি রোডের বাড়ি সহ ১৭টি বিতর্কিত সম্পত্তির বৈধতা এবং অ...
সুর বদল তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা পুরসভার নোটিসের জবাব দিতে ১০ দিন সময় চেয়েছেন তাঁর আইনজীবী। কালীঘাট ও হরিশ মুখার্জি রোডের বাড়ি সহ ১৭টি বিতর্কিত সম্পত্তির বৈধতা এবং অনুমোদিত বিল্ডিং প্ল্যান নিয়ে পুরসভা তাঁর কাছে নথি তলব করেছিল। নোটিসের জবাব দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষের আগেই আইনজীবী মারফত অতিরিক্ত এই সময় চাওয়া হয়েছে।
কলকাতা পুরসভার বিল্ডিং এবং অ্যাসেসমেন্ট বিভাগ একাধিক সম্পত্তিতে বেআইনি নির্মাণ ও অনুমোদিত নকশার বিচ্যুতির অভিযোগের ভিত্তিতে এই নোটিস পাঠায় কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা আইন (KMC Act) ১৯৮০-এর ধারা ৪০১ ও ৪০০(১) অনুযায়ী এই নোটিস জারি করা হয় অভিষেক ও তাঁর পরিবারের সদস্যদের নামে।
গত কয়েকদিন আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, তিনি নোটিসের জবাব দেবেন এবং কোনো চাপের কাছে মাথা নত করবেন না। তবে নির্দিষ্ট করে কোন অংশ বেআইনি তা পুরসভাকেই চিহ্নিত করতে বলেন তিনি।
উল্লেখ্য, নোটিসের জবাব দাখিল করতে আরও দশ দিন সময় চেয়ে পুরভবনে চিঠি পাঠিয়েছেন তাঁর আইনজীবী বলে সূত্রের খবর।