বর্তমান ব্যস্ত জীবনে পার্লারে যাওয়ার সময় অনেকেরই হয়ে ওঠে না। কিন্তু তাই বলে চুলের যত্ন বন্ধ রাখলে চলবে না। সুন্দর, মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে ঘরেই সহজ উপায়ে হেয়ার স্পা করা যায়। কয়েকটি সাধারণ উপকরণ আর সামান্য সময় দিলেই আপনি বাড়িতে বসেই পেয়ে যেতে পারেন পার্লারের মতো হেয়ার স্পা।
প্রথমে চুল ভালোভাবে আঁচড়ে নিন। এতে চুলের জট খুলে যাবে এবং তেল বা প্যাক ভালোভাবে চুলে লাগবে। এরপর হালকা গরম নারকেল তেল, অলিভ অয়েল বা বাদাম তেল নিয়ে মাথার ত্বকে ধীরে ধীরে ম্যাসাজ করুন। অন্তত ১০ মিনিট ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং চুলের গোড়া মজবুত হয়।
এরপর একটি তোয়ালে গরম জলে ভিজিয়ে ভালোভাবে নিংড়ে নিন। সেই গরম তোয়ালে মাথায় ১৫ মিনিট জড়িয়ে রাখুন। এতে চুলের কিউটিকল ওপেন হয় এবং তেল গভীরে প্রবেশ করতে পারে। এটি হেয়ার স্পার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।
এরপর চুলে একটি হেয়ার মাস্ক ব্যবহার করুন। বাড়িতে তৈরি করতে চাইলে ডিম, দই ও মধু মিশিয়ে প্যাক বানাতে পারেন। এই প্যাক চুলকে নরম ও উজ্জ্বল করে তোলে। প্যাকটি ২০-৩০ মিনিট চুলে রেখে দিন।
তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। খুব গরম জল ব্যবহার করবেন না, কারণ এতে চুল শুষ্ক হয়ে যেতে পারে। শ্যাম্পুর পর হালকা কন্ডিশনার ব্যবহার করলে চুল আরও মসৃণ থাকবে।
সপ্তাহে একবার এই পদ্ধতিতে হেয়ার স্পা করলে চুল পড়া কমে, রুক্ষতা দূর হয় এবং চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে। তাই অতিরিক্ত খরচ না করে ঘরেই নিয়মিত হেয়ার স্পা করে চুল রাখুন সুন্দর ও প্রাণবন্ত|