Calcutta Television Network

বিগ বস ২০: লাভ গিলকে নিয়ে ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন স্কাউট ওপি-র গার্লফ্রেন্ড কাশভী!

বিগ বস ২০: লাভ গিলকে নিয়ে ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন স্কাউট ওপি-র গার্লফ্রেন্ড কাশভী!
7 October 2026 03:02:17 pm

'বিগ বস ২০'  ঘরের অন্দরে চলা নানা সমীকরণ এবং বিতর্ক এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। জনপ্রিয় ই-স্পোর্টস প্লেয়ার ও কন্টেন্ট ক্রিয়েটর স্কাউট ওপি -র একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যেখানে সহ-প্রতিযোগী লাভ গিল-এর প্রতি তাঁর ক্রমবর্ধমান অনুভূতি ও পজেসিভনেস নিয়ে খোলামেলা কথা বলতে দেখা গেছে তাঁকে। এমনকি শোয়ের বাইরে তাঁর দীর্ঘদিনের গার্লফ্রেন্ড কাশভী হীরানন্দানি থাকা সত্ত্বেও এমন মন্তব্যে নেটপাড়ায় তুমুল শোরগোল পড়ে গেছে।   

এই ভাইরাল ভিডিও এবং নেটিজেনদের নানা জল্পনার মাঝেই  অবশেষে নীরবতা ভাঙলেন কাশভী। লাইভ স্ট্রিমিংয়ের সময় তাঁর ইমোশনাল হওয়ার ভিডিও প্রকাশ্যে আসার পর, তিনি জানান যে এই কঠিন পরিস্থিতি সামলানোর জন্য তিনি বাইরে থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কাশভী স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে রিয়েলিটি শোয়ের ভেতরের পরিস্থিতি এবং বাইরের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ সম্পূর্ণ আলাদা, যা হ্যান্ডেল করা বেশ চ্যালেঞ্জিং।   

ন্যাশনাল টেলিভিশনে এমন ঘটনা দেখার পর অনুরাগীরা যেমন কাশভীর সমর্থনে এগিয়ে এসেছেন, তেমনই স্কাউটের এই অবস্থান নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। এখন দেখার বিষয়, আগামী দিনে বিগ বসের ঘর এবং বাইরের এই জটিল পরিস্থিতি কোন মোড় নেয়!   


×
  • CTVN