উত্তরাখন্ডের একটি লাইভ পারফরম্যান্স ঘিরে তৈরি হওয়া অনাকাঙ্ক্ষিত বিতর্কে কিংবদন্তি গায়ক দালের মেহেন্দির পাশে এসে দাঁড়ালেন জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। সম্প্রতি ওই অনুষ্ঠানে গায়কের পারফরম্যান্স নিয়ে কিছু মহলে প্রশ্ন উঠলে এবং ক্ষোভপ্রকাশ করা হলে তৈরি হয় উত্তেজনা।
এই পরিস্থিতিতে দালের মেহেন্দির সমর্থনে এগিয়ে আসেন কপিল শর্মা।তিনি অনুরাগীদের মনে করিয়ে দেন যে, নেতিবাচক সমালোচনা করার আগে শিল্পীর বর্তমান শারীরিক পরিস্থিতি বিচার করা অত্যন্ত জরুরি। সম্প্রতি দালের মেহেন্দির একটি বড় অস্ত্রোপচার হয়েছে, যাঁর ধকল কাটিয়ে ওঠার আগেই তিনি মঞ্চে পারফর্ম করতে নেমেছিলেন।
গায়কের ভাই মিকা সিংয়ের একটি পোস্ট শেয়ার করে কপিল শর্মা সকলের একটু সহানুভূতিশীল হওয়ার আবেদন জানান। তাঁর এই মানবিক ও জোরালো বার্তা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছে। ইন্ডাস্ট্রির সহকর্মীর এই অকুণ্ঠ সমর্থন প্রমাণ করে যে, সংকটের দিনে শিল্পীরা সর্বদা একে অপরের শক্ত খুঁটি হয়ে পাশে থাকেন। ভক্তরাও কপিলের এই বন্ধুত্বের মনোভাবকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন।