Calcutta Television Network

ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞানের পড়ুয়াদের জন্য সুখবর! DRDO-তে ইন্টার্নশিপ, কারা আবেদন করবেন?

ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞানের পড়ুয়াদের জন্য সুখবর! DRDO-তে ইন্টার্নশিপ, কারা আবেদন করবেন?
9 October 2026 04:48:52 pm

ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞানের পড়ুয়াদের জন্য সুখবর। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO-র অধীন কমব্যাট এয়ারক্রাফ্ট সিস্টেমস ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেশন সেন্টারে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হচ্ছে। এই ইন্টার্নশিপের মাধ্যমে পড়ুয়ারা গবেষণা ও প্রযুক্তিগত কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। মোট ৩০টি আসনে ইন্টার্ন নেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের মাসে ৫০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

আসনগুলিকে তিনটি বিভাগে ভাগ করা হয়েছে। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে রয়েছে ১২টি আসন। কম্পিউটার সায়েন্স ও ইনফরমেশন টেকনোলজিতে ১৩টি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৫টি আসন রয়েছে।

আবেদনের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের BE/BTech পড়ুয়া এবং বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের MSc পড়ুয়ারা যোগ্য। ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়াদের আগের সমস্ত সেমেস্টারে অন্তত ৭.৫ CGPA থাকতে হবে। অন্যদিকে, MSc পড়ুয়াদের প্রথম বর্ষের পরীক্ষায় ন্যূনতম ৭০ শতাংশ নম্বর প্রয়োজন। সংশ্লিষ্ট কোর্সটি AICTE অথবা UGC অনুমোদিত প্রতিষ্ঠান থেকে পূর্ণ সময়ের হতে হবে। আবেদনকারীদের বয়স ২৫ বছরের কম হওয়াও বাধ্যতামূলক।

ইন্টার্নশিপের মেয়াদ ছয় মাস। নির্ধারিত শর্ত পূরণ করে প্রতি মাসে অন্তত ১৫টি কর্মদিবস ল্যাবে উপস্থিত থাকলে স্টাইপেন্ড পাওয়া যাবে। প্রথম তিন মাস শেষে প্রথম কিস্তি এবং ছয় মাস সম্পূর্ণ হলে দ্বিতীয় কিস্তিতে টাকা দেওয়া হবে। ইন্টার্নশিপ শেষ করার পর শংসাপত্রও দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ ১১ অক্টোবর ২০২৬ বলে উল্লেখ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের DRDO-র সরকারি ওয়েবসাইট drdo.gov.in-এ প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশ অনুযায়ী আবেদনপত্র পূরণ করে hrd.casdic@gov.in ঠিকানায় পাঠাতে হবে। আবেদন করার আগে সমস্ত শর্ত ও প্রয়োজনীয় নথি যাচাই করে নেওয়া জরুরি। 

×
  • CTVN