Calcutta Television Network

jobs

লাদাখে তৈরি হচ্ছে প্রথম মেডিক্যাল কলেজ, অতি শীঘ্রই ১০৩ শূন্যপদে করা হবে নিয়োগ

লাদাখে তৈরি হচ্ছে প্রথম মেডিক্যাল কলেজ, অতি শীঘ্রই ১০৩ শূন্যপদে করা হবে নিয়োগ
23 October 2026 • 11:18:16 am

লাদাখের স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে আসতে চলেছে এক নতুন অধ্যায়। এই প্রথম নিজস্ব মেডিক্যাল কলেজ পেতে চলেছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। লেহ-র স্তিপুক ফার্কা অঞ্চলে তৈরি হচ্ছে এই মেডিক্যাল কলেজ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকেই পুরোদমে শুরু হবে পঠনপাঠন। ফলে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখা লাদাখের পড়ুয়াদের কাছে খুলে যেতে চলেছে নতুন সম্ভাবনার দরজা।

এই মেডিক্যাল কলেজের জন্য মোট ১০৩টি শূন্যপদে নিয়োগের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। শিক্ষক, অধ্যাপক থেকে শুরু করে বিভিন্ন সহায়ক কর্মী বা সাপোর্ট স্টাফ-একাধিক পদে নিয়োগ করা হবে। তবে ঠিক কবে থেকে আবেদন গ্রহণ শুরু হবে, তা এখনও ঘোষণা করা হয়নি। উপযুক্ত প্রার্থীদের আবেদনের তারিখ যথাসময়ে জানানো হবে বলে খবর।

সাধারণত কোনও মেডিক্যাল কলেজের পরিকাঠামো নির্মাণের কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হওয়ার পর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। কিন্তু লাদাখের ক্ষেত্রে সেই নিয়ম কিছুটা শিথিল করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই অঞ্চলের প্রতিকূল আবহাওয়া এবং ভৌগোলিক পরিস্থিতির কথা মাথায় রেখেই আগেভাগে নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে কলেজের নির্মাণকাজ চলার পাশাপাশি কর্মী নিয়োগের প্রক্রিয়াও এগিয়ে রাখা সম্ভব হবে।

লাদাখের লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা এই উদ্যোগের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নড্ডা এবং কেন্দ্রকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর মতে, নির্ধারিত সময়ে মেডিক্যাল কলেজের কাজ শুরু করার জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই মেডিক্যাল কলেজ চালু হলে লাদাখে চিকিৎসা শিক্ষার সুযোগ বাড়বে। পাশাপাশি স্থানীয় স্তরে স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে নিয়োগের বিজ্ঞপ্তি (https://nmc.org.in/), যোগ্যতা, বেতন ও আবেদনের সময়সীমা সম্পর্কে বিস্তারিত জানতে সরকারি ঘোষণার অপেক্ষা করতে হবে।  

×
  • CTVN