বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের জোশীমঠে পর্যটকদের সামনেই ধসে পড়লো আস্ত একটা পাহাড়। হুড়োহুড়ি, আতঙ্কের সেই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। শুধু তাই নয় প্রবল বৃষ্টির জেরে বন্ধ বদ্রীনাথ ...
বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের জোশীমঠে পর্যটকদের সামনেই ধসে পড়লো আস্ত একটা পাহাড়। হুড়োহুড়ি, আতঙ্কের সেই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। শুধু তাই নয় প্রবল বৃষ্টির জেরে বন্ধ বদ্রীনাথ হাইওয়ে। বিপর্যস্ত উত্তরাখণ্ডের একাধিক জেলার জনজীবন। বন্ধ হয়ে গিয়েছে চারধাম যাত্রাও।
গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টির জেরে উত্তরাখণ্ডে বন্যা পরিস্থিতির তৈরী হয়েছে। পাহাড়ি এলাকার নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠে পাহাড় ধসে বন্ধ বদ্রীনাথ হাইওয়ে। পর্যটকবোঝাই রাস্তায় চোখের সামনেই হুড়মুড়িয়ে ধসে পড়ে আস্ত পাহাড়। উত্সাহী পর্যটকদের দেখা গিয়েছে সেই ধসের ছবির ভিডিও করতে। তেমনই একটা ছবি এই মুহূর্তে ভাইরাল, কাঁপন ধরিয়েছে পাহাড়প্রেমীদের বুকে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ক্যালকাটা নিউজ ডিজিটাল। যেখানে দেখা যাচ্ছে পাহাড়ের উপর থেকে গড়িয়ে পড়ছে বিশাল পাথরের চাঁই। এই ঘটনার জেরে বন্ধ হয়ে গিয়েছে চামোলি বদ্রিনাথ হাইওয়ে।
উল্লেখ্য, আবহাওয়া দফতর আগামী শুক্রবার পর্যন্ত দেশের উত্তর অংশ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জয়পুর কিংবা মুম্বই, বৃষ্টির দাপটে জলমগ্ন দেশের একাধিক শহর, বিপর্যস্ত জনজীবন। এই ঘটনার জেরে আতঙ্কিত উত্তরাখণ্ডের তীর্থযাত্রীরা। একটানা বৃষ্টি ও ধসের ফলে উত্তরাখণ্ডের বহু জায়গায় আটকে পড়েছেন পর্যটকরাও। অবশ্য খারাপ আবহাওয়া ও ধসের কারণে দিনদুয়েক আগেই চারধাম যাত্রা বন্ধ করে দিয়েছিল উত্তরাখণ্ড সরকার।