দেওঘরগামী একটি তীর্থযাত্রী বোঝাই বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ট্রাকের। ভয়াবহ এই সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৮ জন তীর্থযাত্রীর। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৩০-এর বেশি। দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিশ্চি...
দেওঘরগামী একটি তীর্থযাত্রী বোঝাই বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ট্রাকের। ভয়াবহ এই সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৮ জন তীর্থযাত্রীর। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৩০-এর বেশি। দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিশ্চিত করেছে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।
প্রতি বছর গোটা শ্রাবণ মাস জুড়ে ঝাড়খণ্ডের বাবা বৈদ্যনাথ ধামে ভিড় লেগেই থাকে তীর্থযাত্রীদের। এবছরেও একইভাবে পুণ্যলাভের আশায় ভক্তরা ভিড় জমিয়েছিলেন এই তীর্থস্থানে। সূত্রের খবর, আজ মঙ্গলবার ভোর ৪:৩০ নাগাদ দেওঘর-বাসুকিনাথ প্রধান সড়কের জামুনিয়া চকের কাছে পুণ্যার্থীদের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের। সংঘর্ষের তীব্রতা ব্যাপক থাকায় কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে তীর্থযাত্রীদের বাসটি। ঘটনার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে এসে পৌঁছয় মোহনপুর থানার পুলিস। তড়িঘড়ি আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। আহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অতি সঙ্কটজনক।
এই দুর্ঘটনার পরে সাংসদ নিশিকান্ত দুবে তাঁর সমাজ মাধ্যমে পোস্ট করে লিখেছেন, 'আমার লোকসভার দেওঘরে শ্রাবণ মাসে কাঁওড় যাত্রার সময় বাস ও ট্রাক দুর্ঘটনায় ১৮ জন ভক্তের মৃত্যু হয়েছে। বাবা বৈদ্যনাথ জি যেন তাদের পরিবারকে শোক সহ্য করার শক্তি দেন'। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন'ও।