তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক ফ্রিজ করায় কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্তের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানি হল আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ নির্ব...
তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক ফ্রিজ করায় কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্তের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানি হল আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে, প্রতীক ও দলের নাম সংক্রান্ত চূড়ান্ত নিষ্পত্তির জন্য ঠিক কতটা সময় প্রয়োজন। আদালতের পর্যবেক্ষণ, 'এমন একটি যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত সময়সীমা বলুন, যাতে দুই পক্ষই নিজেদের প্রমাণ ও বক্তব্য পেশ করার ন্যায্য সুযোগ পায়, আবার বিষয়টি অযথা দীর্ঘায়িতও না হয়। প্রমাণ খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিশনের হাতেও পর্যাপ্ত সময় থাকা দরকার।' মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।
কালীঘাট ও ঋতব্রত শিবিরের দ্বন্দ্বের আবহেই গত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী নির্দেশ দেয় কমিশন। কমিশন জানায়, আপাতত দলের নাম ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ এবং জোড়াফুল প্রতীক ফ্রিজ করা হল। আসল তৃণমূল কে, দলের তহবিলের মালিকানা কার - এই সব প্রশ্নের চূড়ান্ত ফয়সালার পরেই নাম ও প্রতীকের ভাগিদার মালিকানা পাবে নির্দিষ্ট দল।
এর মধ্যেই ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের আগে দুই শিবিরের জন্য অন্তর্বর্তী নাম ও প্রতীক বেঁধে দেয় কমিশন। মমতা শিবিরের নাম হয় 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস', প্রতীক - ফুটবল পায়ে ফুটবলার। ঋতব্রত শিবিরের নাম হয় 'গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস', প্রতীক - খাম।
এমতাবস্থায়, কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যান মমতা। মামলায় যুক্ত করা হয় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও। মমতার হয়ে দ্রুত শুনানির আর্জি জানান আইনজীবী কপিল সিব্বল। তার প্রেক্ষিতেই সোমবার সব পক্ষকে নোটিস দিয়ে দ্রুত শুনানির আশ্বাস দেয় প্রধান বিচারপতির বেঞ্চ।