ভয়াবহ দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়কের গাড়ি। শনিবার গভীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হওড়ার শিবপুরের ফরসোর রোডে। ঘটনায় মৃত চালক-সহ দুইজন। আহত আরও তিন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই গাড়িতে পাঁচ জন যা...
ভয়াবহ দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়কের গাড়ি। শনিবার গভীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হওড়ার শিবপুরের ফরসোর রোডে। ঘটনায় মৃত চালক-সহ দুইজন। আহত আরও তিন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই গাড়িতে পাঁচ জন যাত্রী থাকলেও বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা ছিলেন না। কিন্তু দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার নামফলক লাগানো ছিল। যদিও বিধায়কের দাবি, গাড়িটি তাঁর নয়। বর্তমানে আহত তিনজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
জানা গিয়েছে, শনিবার রাতে চার জনকে নিয়ে হাওড়ার শিবপুরের উপর দিয়ে গাড়ি চালিয়ে ফিরছিলেন ওয়াটগঞ্জের বাসিন্দা মোস্তাক খান (২৫)। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে চালক-সহ মোট পাঁচ জন ছিলেন। তাঁরা সকলেই চালকের আত্মীয়। সেই সময়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সূত্রে খবর, গাড়িটি রাস্তায় দাঁড়ানো একটি ট্রেলারকে প্রচন্ড গতিতে পিছন থেকে ধাক্কা মারে। গাড়ির গতি এতটাই ছিল যে গাড়ির বেশ কিছুটা সামনের অংশ ট্রেলারের পেছনে আটকে যায়।ফলে গাড়ির মূল অংশটি সামনের দিকে ছিটকে পড়ে। যাত্রীরা আটকে পড়েন দোমড়ানো মোচড়ানো গাড়ির মধ্যে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিবপুর থানার পুলিস। ঘটনাস্থল থেকে পুলিস আহতদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের লোকজন। তারপর তারা হাওড়া জেলা হাসপাতালে যান। কীভবে ঘটল এই গোটা ঘটনা, তারই তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিস।