শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির কাছে নথিপত্র পাঠাল ঢাকা। বৃহস্পতিবার এমনটাই দাবি করল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। সূত্রের খবর, বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ রফিকুল আলম জানিয়েছেন, ভারতের সঙ্গে বন্দি প্রত্যর...
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির কাছে নথিপত্র পাঠাল ঢাকা। বৃহস্পতিবার এমনটাই দাবি করল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। সূত্রের খবর, বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ রফিকুল আলম জানিয়েছেন, ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির অধীনে হাসিনাকে ফেরাতে চেয়ে এই কাগজপত্র পাঠানো হয়েছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যেতে চায় ঢাকা। মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের সরকারের বিদেশমন্ত্রকের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ইতিমধ্যেই শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে দিল্লির কাছে প্রয়োজনীয় নথি পাঠিয়েছে ঢাকা। তিনি বলেন, তবে এই বিষয়ে ভারত এখনও কোনও উত্তর দেয়নি।
বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, ভারতে আওয়ামী লীগের যে নেতারা রয়েছেন, তাঁদের ফেরাতে আন্তর্জাতিক নীতি প্রয়োগ করা হবে কি না, সেই নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা করবে অন্তর্বর্তী সরকার।
গতবছর ৫ অগাস্ট গণ আন্দোলনের কারণে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার পর থেকে তিনি ভারতে রয়েছেন। গত বছর ডিসেম্বরে হাসিনাকে ফেরত পাঠানোর কথা বলে দিল্লিকে কূটনৈতিক বার্তা দিয়েছিল ঢাকা। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তার প্রাপ্তিস্বীকারও করেছিলেন। তবে সেই নিয়ে তখন কোনও মন্তব্য তিনি করেননি।