'তৃতীয় বিশ্বযুদ্ধ আর খুব বেশি দূরে নেই'। মিয়ামিতে এফআইআই প্রায়োরিটি বৈঠকে ঠিক এই ভাষাতেই বিশ্ববাসীকে সাবধান করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে আর ইউক্রেনে চলতে থাকা সংঘর্ষ, হানাহা...
'তৃতীয় বিশ্বযুদ্ধ আর খুব বেশি দূরে নেই'। মিয়ামিতে এফআইআই প্রায়োরিটি বৈঠকে ঠিক এই ভাষাতেই বিশ্ববাসীকে সাবধান করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে আর ইউক্রেনে চলতে থাকা সংঘর্ষ, হানাহানি প্রসঙ্গে বলতে গিয়েই এমন মন্তব্য করেন ট্রাম্প।
তবে এরপরই ট্রাম্প বলেন তিনি যুদ্ধবিরোধী। তিনি যতদিন মার্কিন প্রেসিডেন্ট পদে থাকবেন ততদিন তৃতীয় বিশ্বযুদ্ধ হতে দেবেন না। এরপরই নিজের পূর্বসুরী জো বাইডেনকে বিঁধে ট্রাম্প বলেন উনি যদি আরও এক বছর পদে থাকতেন তাহলে বিশ্ব ইতিমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে পেত। কিন্তু এখন সে সম্ভাবনা আর নেই। ট্রাম্প বলেন 'তৃতীয় বিশ্বযুদ্ধে কারোই কোনও লাভ নেই। মধ্যপ্রাচ্যে ইজরায়েল-হামাস যুদ্ধ বা রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের দিকে তাকালেই তা স্পষ্ট বুঝতে পারবেন আপনারা'।
এরপরই ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন 'ফের বিশ্বযুদ্ধ লাগলে আমেরিকা তাতে থাকবে না। আমরা সবসময় যুদ্ধ বন্ধ করারই চেষ্টা চালিয়ে যাব। আমি আর হত্যা রক্তপাত দেখতে চাইনা'। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে তার প্রশাসন তৎপর বলেও দাবি করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান খুব শিগগিরি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব ভ্রমণে বের হবেন তিনি।