আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের তরফে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানান হয়েছে ভারতের আমন্ত্রণের কথা। দেশের প্...
আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের তরফে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানান হয়েছে ভারতের আমন্ত্রণের কথা। দেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী। আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নিতে চলেছেন ট্রাম্প। আর ওই একই দিনে ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নেবেন জেডি ভ্যান্স।
এই সফরে গিয়ে নতুন প্রশাসনের কর্তাদের সঙ্গে কথাবার্তাও বলবেন জয়শঙ্কর। এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত অন্যান্য অতিথিদের সঙ্গেও বাক্যবিনিময় করবেন তিনি। উল্লেখ্য, ২০ জানুয়ারি দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্বের বহু প্রভাবশালী ব্যক্তি।
এই শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ পাবেন কি না, তা নিয়ে ভারতের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছিল। বিরোধীদের মধ্যে কটাক্ষের সুরও শোনা গিয়েছিল। তবে এ বার বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট করা হলো, ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জয়শঙ্কর।
উল্লেখ্য, প্রকাশ্যে একাধিকবার মোদীকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেছেন ট্রাম্প। তবে সম্প্রতি মার্কিন মুলুকে ফৌজদারি মামলায় অজিত ডোভালকে আমেরিকার আদালতের সমন, আদানিদের বিরুদ্ধে ঘুষ মামলার মতো ঘটনাগুলি সামনে এসেছে। ট্রাম্পও প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পরে বলেছিলেন, কোনও দেশ মার্কিন সামগ্রীর উপরে শুল্ক চাপালে পাল্টা সেই দেশের উপর বেশি ট্যাক্স বসাবে আমেরিকাও। সেই সময়ে তিনি ভারত এবং ব্রাজিল প্রসঙ্গও উল্লেখ করেন। ফলে ট্রাম্প নতুন করে হোয়াইট হাউসে ফিরলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন থাকে? সেই দিকে সব নজর।