ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণ ঘটল দামাস্কাসে। জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী শহর। আচমকা ওই বিস্ফোরণে চার পুলিস কর্মী-সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে এই ষড়যন্ত...
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণ ঘটল দামাস্কাসে। জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী শহর। আচমকা ওই বিস্ফোরণে চার পুলিস কর্মী-সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে এই ষড়যন্ত্রের নেপথ্যে কোনও সন্ত্রাসবাদী সংগঠন জড়িত আছে কিনা তা এখনও নিশ্চিত করেনি প্রশাসন। কিন্তু প্রাথমিকভাবে সন্দেহের তির ইসলামিক স্টেট-এর দিকেই রাখছে তদন্তকারীরা।
সিরিয়ার সংবাদ সংস্থা সূত্রে খবর, যেখানে জোড়া বিস্ফোরণটি ঘটেছে তার খুব কাছেই একটি হোটেলে সোমবার রাতে ছিলেন মাক্রোঁ। এমনকি ওই সময় তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শরা কুর্দের সঙ্গে সাক্ষাৎ করতেও বেরিয়েছিলেন। কিন্তু ভাগ্যক্রমে বিপদ তাঁকে স্পর্শ করতে পারেনি। এই অবস্থায় প্রশ্ন উঠছে, তবে কী ফরাসি প্রেসিডেন্টকেই টার্গেট করতে চেয়েছিল আততায়ীরা?
উল্লেখ্য, এর আগে গত ২ জুলাই দামাস্কাসের হেজাজ এলাকায় 'প্যালেস অফ জাস্টিস'-এর সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ভয়ংকর সেই জঙ্গি হানায় মৃত্যু হয়েছিল ৯ জনের। পাশাপাশি ২০ জনেরও বেশি আহত হয়েছিলেন। সেই হামলাতেও ইসলামিক স্টেট-এর দিকেই অভিযোগের তির উঠেছিল। প্রসঙ্গত, দীর্ঘ গৃহযুদ্ধের পর ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম এবং তাদের সহযোগী 'জইশ আল-ইজ্জা'র যৌথবাহিনী রাজধানী দামাস্কাস দখল নেয় এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে। শুরু থেকে এই বিদ্রোহে মদত জুগিয়েছিল মার্কিন শক্তি। ক্ষমতা হারিয়ে আসাদ সপরিবার পালিয়ে আশ্রয় নিয়েছেন রাশিয়ায়।