ওয়াশিংটন, ১২ নভেম্বর: ইউরোপের জন্য একটি নতুন নিরাপত্তা চুক্তি প্রস্তাব করতে মস্কোর কাছে বার্তা পাঠিয়েছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চাইছে, সেই প্রেক্ষাপটেই এই...
ওয়াশিংটন, ১২ নভেম্বর: ইউরোপের জন্য একটি নতুন নিরাপত্তা চুক্তি প্রস্তাব করতে মস্কোর কাছে বার্তা পাঠিয়েছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চাইছে, সেই প্রেক্ষাপটেই এই পদক্ষেপ। জানা গিয়েছে, এই চুক্তিতে সামরিক উত্তেজনা কমানোর পাশাপাশি ইউরোপের উদ্বেগ দূর করার বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই সপ্তাহে আবু ধাবিতে রুশ ও ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ এই প্রস্তাব উত্থাপন করেন।
হোয়াইট হাউস রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির পাশাপাশি একটি বৃহত্তর ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। এই কূটনৈতিক উদ্যোগ তারই অংশ। স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার গত বৃহস্পতিবার মস্কো পৌঁছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন। রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ভনুকোভো বিমানবন্দরে রুশ প্রেসিডেন্টর দূত কিরিল দিমিত্রিভ এই দুই মার্কিন প্রতিনিধির সঙ্গে দেখা করেন। এরপর তাঁরা পুতিনের সঙ্গে বৈঠক করেন। আমেরিকা চাইছে, পরবর্তী রাউন্ডের রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিরাও অংশ নিক। এরপর মার্কিন দূতরা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে ডাবলিন যাবেন বলে খবর। এই সপ্তাহে আবু ধাবিতে আমেরিকান, রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে শুরু হওয়া আলোচনায় নতুন ইউরোপীয় নিরাপত্তা কাঠামোর বিষয়টিই প্রধান হয়ে ওঠে।
আবু ধাবির আলোচনায় ক্রেমলিনের প্রতিনিধিরা বলেন, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালে মস্কোর নিরাপত্তা উদ্বেগ জানিয়ে পাঠানো চিঠির জবাব দিতে ব্যর্থ হওয়ায় পুতিন কিয়েভের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিলেন। এর উত্তরে কুশনার ও উইটকফ বললেন, ২০২১ সালের পর থেকে ভূ-রাজনৈতিক পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। তাঁরা মস্কোর কাছে তাদের অভিযোগ নিরসনের জন্য একটি নতুন প্রস্তাব জমা দিতে বলেছেন, যেখানে উত্তেজনা কমানোর জন্য সুনির্দিষ্ট পদক্ষেপের বিস্তারিত বিবরণ থাকবে। আলোচনার পর কুশনার জানালেন, "আমরা রুশদের বলেছি, তাদের আকাঙ্ক্ষা ও ভয় থাকলেও, ইউরোপ যদি সেই প্রস্তাবগুলোকে ভালোভাবে গ্রহণ করতে চায়, তবে তাদের ভিন্ন উত্তেজনা প্রশমন ও ভিন্ন প্রস্তাবও দিতে হবে।" তবে, এই ধরনের কূটনৈতিক আলোচনায় ইউরোপের অংশগ্রহণকে মস্কো ঐতিহাসিকভাবেই প্রতিরোধ করেছে। রাশিয়ার সিনিয়র প্রেসিডেন্টর উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি ইউরোপের বেশ কয়েকটি সরকারের সমালোচনা করে অভিযোগ করলেন যে, তারা সক্রিয়ভাবে সংঘাতকে উস্কে দিচ্ছে। ট্রাম্প প্রশাসন একই সঙ্গে রাশিয়া-ইউরোপ নিরাপত্তা কাঠামো এবং ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে চাইছে। তবে, হোয়াইট হাউস ইউরোপীয় রাজধানীগুলিকে আশ্বস্ত করেছে যে, তাদের অনুমোদন বা ইউক্রেনের চুক্তি ছাড়া কোনও নিরাপত্তা ব্যবস্থায় তারা সম্মতি দেবে না। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন জোর দিয়ে বললেন, রাশিয়ার সঙ্গে নতুন নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পরেই হওয়া উচিত।