সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে জেলায় জেলায় নাকা চেকিং বাড়িয়েছে পুলিস। এই আবহে শুক্রবার সাতসকালে নিউটাউনে গাড়ি থেকে উদ্ধার হল ২৫ লক্ষ টাকা। সূত্রের খবর, এদিন নাকা চেকিংয়ের সময় সিটিসেন্ট...
সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে জেলায় জেলায় নাকা চেকিং বাড়িয়েছে পুলিস। এই আবহে শুক্রবার সাতসকালে নিউটাউনে গাড়ি থেকে উদ্ধার হল ২৫ লক্ষ টাকা।
সূত্রের খবর, এদিন নাকা চেকিংয়ের সময় সিটিসেন্টার-২ এর কাছে একটি গাড়ি আটকানো হয়। সুরেশ ঠাকুর নামে এক ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন বলে পুলিস সূত্রে খবর। সুরেশ ঠাকুর রাজস্থানের বাসিন্দা। নির্ধারিত নিয়ম মেনে ওই গাড়িতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ির ডিকিতে কম্বলমোড়া নোটের বান্ডিল উদ্ধার করে পুলিস। কম্বলের মধ্যে থরে থরে সাজানো ছিল টাকা। এই টাকা আয়ের উৎস খুঁজতে চেষ্টা চালাচ্ছে পুলিস
পুলিস এখন খতিয়ে দেখছে, এই বিপুল অর্থের উৎস কী এবং তা কোনও বেআইনি কাজে ব্যবহার হওয়ার কথা ছিল কি না। ইতিমধ্যে, ওই গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিস। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় টাকার উৎস নিয়ে সদুত্তর দিতে পারেননি তিনি। এমনকি বৈধ কাগজপত্রও দেখাতে পারেননি। সেই কারণে ওই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।