সোমবার নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন নবনির্বাচিত পাঁচ মন্ত্রী। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছটি বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ...
সোমবার নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন নবনির্বাচিত পাঁচ মন্ত্রী। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছটি বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বললেন, 'ডবল ইঞ্জিন সরকার দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবে। দীর্ঘদিন বাদে ভয়মুক্ত, অবাধ নির্বাচন দেখল পৃথিবীর মানুষ। ভোটকর্মী, গণনাকর্মী, রাজ্য পুলিস, কলকাতা পুলিস, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, প্রার্থী সকলকে কৃতজ্ঞতা জানাই।'
প্রথম বৈঠকেই রাজ্যবাসীর উদ্দেশে ৬ টি বড় ঘোষণা করেছেন শুভেন্দু। আগামী সোমবার ফের একটি বৈঠকের মাধ্যমে আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হবে বলেও আজ জানিয়েছেন তিনি। আজকের ৬টি গুরুত্বপূর্ণ ঘোষণা হল-
১. যে সমস্ত বিজেপি কর্মীদের আত্মবলিদানের মধ্যে দিয়ে ছাব্বিশে বাংলায় বিজেপির সরকার গঠিত হল, সেই ৩২১ জন নিহত বিজেপি কর্মীর পরিবারের সমস্ত দায়িত্ব রাজ্য সরকার বহন করবে।
২. আগাগোড়াই সীমান্ত রক্ষাকে প্রাধান্য দিয়ে এসেছে গেরুয়া শিবির। তাই এবার ক্ষমতায় এসে আগেই কাঁটাতার দিয়ে খোলা সীমান্ত আটকাতে চাইছে প্রশাসন। এমতাবস্থায় আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে কাঁটাতার দেওয়ার জন্য জমি হস্তান্তর করা হবে বলে আজ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
৩. আজ থেকেই 'বেটি বাঁচাও-বেটি পড়াও', 'আয়ুষ্মান ভারত'-সহ কেন্দ্রীয় সমস্ত প্রকল্পে যুক্ত হল পশ্চিমবঙ্গ।
৪. রাজ্যের আইপিএস, আইএএসরা কেন্দ্রের কোনও ট্রেনিংয়ে অংশ নিতে পারতেন না। এবার থেকে চাইলে তাঁরা পারবেন।
৫. আজ থেকেই রাজ্যে চালু হল ভারতীয় ন্যায় সংহিতা। এর আগে অসাংবিধানিকভাবে আইপিসি লাগু ছিল রাজ্যে।
৬. ২০১৫ থেকে সরকারি পদে নিয়োগ বন্ধ রাজ্যে। তাই সেই কথা মাথায় রেখে এবার চাকরিপ্রার্থীদের বয়সে বড় ছাড় দিল বিজেপি সরকার। আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানো হল।
এদিন সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন, পূর্ববর্তী সরকারের সমস্ত প্রকল্প চালু রাখবে রাজ্য সরকার। পাশাপাশি আগামী বৈঠকে আরজি কর, নারী নিরাপত্তা, সরকারি কর্মীদের ডিএ-সহ অন্যান্য বিষয়ে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। সেদিন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে জানাবেন বলে আজ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।