অসীম সেন: একজন মানুষ, হরিতকি আমলকি গাঁয়ের দুই চরম বোকা যুবককে সুপার হিরো বানিয়েছিলেন যে মস্তিস্ক দিয়ে , সেই মস্তিস্ক দিয়েই সংলাপ লিখেছিলেন,' আছে আছে আমাদের টেলিপ্যাথির জোর আছে'। সেদিন বেতের চেয়ারটায় ন...
অসীম সেন: একজন মানুষ, হরিতকি আমলকি গাঁয়ের দুই চরম বোকা যুবককে সুপার হিরো বানিয়েছিলেন যে মস্তিস্ক দিয়ে , সেই মস্তিস্ক দিয়েই সংলাপ লিখেছিলেন,' আছে আছে আমাদের টেলিপ্যাথির জোর আছে'। সেদিন বেতের চেয়ারটায় নিজেকে গুটিয়ে বসেছিলেন সত্যজিৎ রায়। সামনে টেবিলের ওপর সাজানো পুরানো ক্রোসেটে রাখা কাপ থেকে চা চলকে পড়েছে। খেয়াল নেই পথের পাঁচালীর পরিচালকের। অর্থহীন এক পরিচালক। সৃষ্টির ভবিষ্যৎ জানেন। কিন্তু সৃষ্টি করতে পারছেন কোথায়? একের পর এক প্রযোজকের দরজায় গিয়েছেন। ছবির থেকে লাভের গন্ধ পাননি কেউই। সুতরাং বিনিয়োগের প্রশ্নই আসেনি। নিজের বিমা, পলিসি ভাঙা হয়ে গিয়েছিল ততদিনে। দেশ বিদেশের দুস্প্রাপ্য বই, রেকর্ড বিক্রি করে দিয়েছেন শ্যুটিং চালানোর জন্য। তাতেও খুব একটা লাভ হয়নি। স্ত্রী বিজয়া রায় তুলে দিয়েছিলেন নিজের স্ত্রী ধন। সেটুকুও যথেষ্ট ছিল না। সেই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন সেই সময়কার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। সরকারি অনুদানে সম্পন্ন হয় কালজয়ী পথের পাঁচালী। শুধু এটুকুর জন্যই বিধানচন্দ্র রায়কে হৃদয় থেকে সম্মান করা যায়। বিজয়া রায় তাঁর আত্মজীবনীতে এই কঠিন সময়ের কথা উল্লেখ করেছেন।
সত্যজিৎ রায় নিজে পরিচালনায় বিশ্বাস করতেন না। বেশিরভাগ ক্ষেত্রেই ওয়ান টেক শট নেওয়াই ছিল তাঁঁর রীতি। জহুরীর চোখ খুঁজে নিত অভিনয়। সত্যজিৎ রায় না থাকলে কামু মুখোপাধ্যায়কেই বা চিনত কে? মুকুল যখন জিজ্ঞাসা করেছিল বোতলে কী আছে? কামুর উত্তর ছিল আখের রস। আগের জন্মে খেয়েছিলে কখনও? কিংবা সর্বজয়ার ভূমিকায় অভিনয় করা করুণা বন্দ্যোপাধ্যায় হয়তো হারিয়েই যেতেন, চেনা হতনা কোনওদিন। সিনেমায় সংলাপ দিয়ে ছবি আঁকতেন মানিক রায়। তাঁর যাদুতে মন্দার বোস কীভাবে যে প্রাইভেট সার্কাসের বৃদ্ধ নাইফ থ্রোয়ার হয়ে যেত বোঝা যেত না। গোটা বিশ্বের সিনেমা থেকে তিনি শিখেছিলেন। নায়ক ছবিতে সেই শিশুটি বার্গম্যানের ছবির ইমেজ মনে করিয়ে চলে আসে সত্যজিতের ক্যামেরার ফোরগ্রাউন্ডে। সত্যজিতের কর্মজীবনের সবথেকে বড় ছাপ রেখেছিল বোধহয় ইতালীয় চিত্র পরিচালক ভিত্তোরিও ডি সিকা পরিচালিত বাইসাইকেল থিভস বা লাড্রি দি বাইসাইকেলেট্টে। ১৯২১ সালের ২ মে জন্মগ্রহণ করা মানুষটি কীভাবে সে সময় এভাবে পৃথিবী দেখেছিলেন কে জানে?rn