অগ্নিমিত্রা পল: মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১০ থেকে ১২ বছরে দেশের প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যের সীমারেখার বাইরে বেরিয়ে এসেছেন। বিশ্বব্যাঙ্কের রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। আর ...
অগ্নিমিত্রা পল: মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১০ থেকে ১২ বছরে দেশের প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যের সীমারেখার বাইরে বেরিয়ে এসেছেন। বিশ্বব্যাঙ্কের রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। আর এই তথ্য সামনে আসতেই যাঁদের রাজনৈতিক অঙ্কে সব সময় দেশ ব্যর্থ, যাঁদের রাজনীতির একমাত্র হাতিয়ার নেতিবাচকতা, তাঁদের অস্বস্তি হওয়াই স্বাভাবিক। কারণ দেশের মানুষের জীবনে পরিবর্তন এলে তাঁদের রাজনৈতিক প্রচারের অনেক হিসেবই যে ওলটপালট হয়ে যায়!
আমি বিরোধীদের একটা প্রশ্ন করতে চাই। আপনারা কি সত্যিই চান না দেশের গরিব মানুষের উন্নতি হোক? চান না কোনও গরিব পরিবারের মাথার উপর পাকা ছাদ থাকুক? চান না গ্রামের মহিলারা উজ্জ্বলা যোজনার মাধ্যমে রান্নার গ্যাস পান? চান না সাধারণ মানুষ বিনামূল্যে রেশন পান, অসুস্থ হলে চিকিৎসার সুযোগ পান? যদি চান, তাহলে এই পরিবর্তনের স্বীকৃতি দিতে এত আপত্তি কোথায়?
জনধন যোজনা থেকে উজ্জ্বলা, আয়ুষ্মান ভারত থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিনামূল্যে রেশন থেকে শৌচালয় নির্মাণ—একাধিক প্রকল্পের মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা হয়েছে। একসময় যে মানুষ ব্যাঙ্কের দরজায় ঢোকার কথা ভাবতে পারতেন না, তাঁর হাতেও আজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যে পরিবার চিকিৎসার খরচ জোগাতে গিয়ে সর্বস্বান্ত হতো, তারা স্বাস্থ্যসুরক্ষার সুবিধা পাচ্ছে। এই পরিবর্তনকে কি আপনারা দেখতে পান না?
নাকি প্রধানমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে দেশের মানুষের প্রাপ্তিটুকুও অস্বীকার করতে শিখেছেন?
আসলে কিছু মানুষের রাজনীতি এমন জায়গায় পৌঁছেছে যে, দেশের উন্নয়ন হলেও তাঁরা সমস্যার ছবি খোঁজেন। ভারত এগিয়ে গেলে তাঁদের সমস্যা, ভারত বিশ্বমঞ্চে নিজের পরিচিতি তৈরি করলে তাঁদের সমস্যা, গরিব মানুষের হাতে সরকারি পরিষেবা পৌঁছলেও তাঁদের সমস্যা। এটাই কি আপনাদের রাজনীতি? শুধু সমালোচনা করে দেশ চলে না। দেশ চালাতে হয় কাজ করে, মানুষের পাশে দাঁড়িয়ে, সমস্যার সমাধান করে। আমি বলব, এই মানসিকতার মানুষদের চোখে উন্নয়নের ছবি ধরা পড়বে না। তাঁদের কাছে সব কিছুতেই অন্ধকার। এই দিমাগী নকশাল মানসিকতা থেকে বেরিয়ে আসুন। দেশের মানুষকে ছোট করে দেখবেন না। তাঁরা জানেন, তাঁদের জীবনে কী পরিবর্তন এসেছে।
তবে ৫০ কোটি মানুষের দারিদ্র্যসীমার বাইরে আসার পরিসংখ্যান নিয়ে বিরোধীরা প্রশ্ন তুললে তথ্যের ভিত্তিতে উত্তর দিতে আমরা প্রস্তুত। বিশ্বব্যাঙ্কের হিসাব অনুযায়ী, এই ৪৯.৬ কোটি মানুষের হিসাব দৈনিক ৪.২০ ডলারের দারিদ্র্যসীমার ভিত্তিতে। চরম দারিদ্র্যের ক্ষেত্রে আলাদা সীমা রয়েছে। তথ্যকে বিকৃত না করে আলোচনা হোক। কিন্তু একটা কথা স্পষ্ট করে দিতে চাই—মোদিজিকে রাজনৈতিকভাবে আক্রমণ করতে গিয়ে দেশের গরিব মানুষের উন্নয়নকে অস্বীকার করবেন না। প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে নতুন ভারত আত্মবিশ্বাস নিয়ে এগোচ্ছে। এই অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই।