বুধবার থেকে শুরু হল অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার কাজ। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের শুভারম্ভ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে তি...
বুধবার থেকে শুরু হল অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার কাজ। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের শুভারম্ভ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে তিন হাজার টাকা পাবেন মহিলারা। জানা যাচ্ছে, প্রথম পর্বে প্রায় ২৮ লক্ষ মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।
ভোটপর্বে বিজেপির 'সংকল্পপত্র' বা ইস্তেহারে বাংলার মা বোনেদের অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে মাসে মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। এবার সেই প্রতিশ্রুতি পূরণ করল তারা। এদিন নবান্নে বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'খুব অল্প সময়ের মধ্যে মুখ্যসচিব, অর্থসচিব-সহ সমস্ত আধিকারিকের সহযোগিতায় এই প্রকল্পের সূচনা হল। যারা যোগ্য সবাই এর সুযোগ পাবেন।' তিনি আরও জানান, অন্নপূর্ণা যোজনায় নতুন করে ফর্ম দেওয়া হয়েছে। গত ২৭ তারিখ থেকে এই ফর্ম সরকারের তরফে প্রকাশ করা হয়েছিল। নতুন ফর্ম দেওয়ার বিষয়ে তিনি জানান, 'SIR পরবর্তী সময় দেখা গিয়েছে বহু ভোটারের নাম স্থায়ীভাবে তালিকা থেকে বাদ পড়েছে। এমন লক্ষ লক্ষ ব্যক্তি লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। আমরা চাই না কোনও অভারতীয়র অ্যাকাউন্টে সরকারের টাকা যাক'।
শুধু তাই না, মুখ্যমন্ত্রী আরও বলেন স্বচ্ছতার সঙ্গে পুরো প্রক্রিয়া এগোচ্ছে। প্রয়োজনে সরকারের তরফের আধিকারিক ফর্ম পূরণ করে দেবেন। আগামী তিনমাস ফর্ম ফিলআপের প্রক্রিয়া চলবে। সাতদিন অন্তর তালিকা সংশোধনের কাজ করা হবে বলেও এদিন পরিষ্কার জানিয়ে দেন তিনি।