গণনাকেন্দ্রের দেওয়াল বেয়ে ওপরে ওঠার চেষ্টা! ছাদে অস্বাভাবিক ঘোরাঘুরি? ঘটনা নজরে আসতেই স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। তাঁর অভিযোগ, গণনাকেন্দ্রের আশপ...
গণনাকেন্দ্রের দেওয়াল বেয়ে ওপরে ওঠার চেষ্টা! ছাদে অস্বাভাবিক ঘোরাঘুরি? ঘটনা নজরে আসতেই স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। তাঁর অভিযোগ, গণনাকেন্দ্রের আশপাশে সন্দেহভাজন ব্যক্তির আনাগোনা বাড়ছে। এমনকি দেওয়াল বেয়ে ওপরে ওঠার চেষ্টাও চলছে। এই অবস্থায় স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
জানা যাচ্ছে ঘটনাটি ইউনিভারসিটি ইনস্টিটিউট অব টেকনোলজি(ইউআইটি) স্ট্রংরুমের। বর্ধমান উত্তর মহাকুমার ৫টি বিধানসভার একাধিক ইভিএম রয়েছে সেখানে। সেই লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা গণনা কেন্দ্র। রীতিমত ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে সেখানে। মোতায়েন করা হয়েছে প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজ্য পুলিস। কিন্তু তা সত্ত্বেও সেখানে সন্দেহভাজনের আনাগোনা শুরু হয়েছে বলে দাবি উঠেছে বিজেপির তরফে।
বিজেপি প্রার্থী সঞ্জয় দাস একটি ভিডিও সামনে এনেছেন। যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি দড়ি বেয়ে স্ট্রংরুমের ছাদে উঠছে। অন্যদিকে ছাদের উপরে দাঁড়িয়ে রয়েছেন আরও একজন। তবে কে বা কারা কী উদ্দেশ্যে ছাদে ওঠার চেষ্টা করছিল তা এখনও জানা যায়নি। ফলে গণনাকেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে স্ট্রংরুমের ভিতরে সিসি ক্যামেরা মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে বলে সরব হয়েছে তৃণমূল। দলের বর্ধমান জেলা সভাপতি স্বরাজ ঘোষের দাবী, দুটি কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা বর্তমান সময়ের সাথে ১-২ মিনিট আগে চলছে।