শুক্রবার রাতে তুমুল ঝড় বৃষ্টিতে গাছের ডাল পড়ে মৃত্যু এক কনস্টেবলের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গুরগুড়িপাল থানার অন্তর্গত সারেঙ্গাশোলে। অবসর নেওয়ার এক মাসে ডিউটিরত অবস্থায় ...
শুক্রবার রাতে তুমুল ঝড় বৃষ্টিতে গাছের ডাল পড়ে মৃত্যু এক কনস্টেবলের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গুরগুড়িপাল থানার অন্তর্গত সারেঙ্গাশোলে। অবসর নেওয়ার এক মাসে ডিউটিরত অবস্থায় মৃত্যু হয় ওই কনস্টেবলের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। বর্তমানে তাঁরা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, মৃত কনস্টেবলের নাম সন্তোষ ছেত্রী (৫৯)। বাড়ি মেদিনীপুর শহরের নেপালিপাড়া এলাকায়। গতকাল রাতের দুর্ঘটনায় আরও তিনজন পুলিসকর্মী আহত হয়েছেন। যাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিরা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাতেই আহতদের হাসপাতালে দেখতে যান জেলা পুলিস সুপার পাপিয়া সুলতানা।
সূত্রের খবর, গতকাল রাত ১১টা নাগাদ দুর্ঘটনা ঘটার সময়েই প্রত্যেকেই ডিউটিতে ছিলেন। এলাকা টহলদারি করে গাড়িতে করে গুরগুড়িপাল থানায় ফিরছিলেন তাঁরা। সেই সময় প্রবল ঝড় শুরু হয়। সারেঙ্গাশোল এলাকায় ঝড়-বৃষ্টিতে গাছ ভেঙে পড়ে তাঁদের গাড়ির উপর। দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রত্যেকেই। পরে স্থানীয়দের সহযোগিতায় চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্তোষ ছেত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। গোটা ঘটনায় শোকের ছায়া নেমেছে কনস্টেবলের পরিবারে।