কেবল সন্ধ্যা ৭টা না, বিজেপি ক্ষমতায় এলে মাঝরাতেও মহিলারা নির্ভয়ে রাস্তায় বেরোতে পারবেন বলে বৃহস্পতিবার বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। পাশাপাশি তৃণমূলকে নিশানায় রেখে তাঁর আরও হুঁশি...
কেবল সন্ধ্যা ৭টা না, বিজেপি ক্ষমতায় এলে মাঝরাতেও মহিলারা নির্ভয়ে রাস্তায় বেরোতে পারবেন বলে বৃহস্পতিবার বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। পাশাপাশি তৃণমূলকে নিশানায় রেখে তাঁর আরও হুঁশিয়ারি, 'দিদির গুন্ডাদের বলে যাচ্ছি, ২৯ তারিখে তারা যেন ঘরের বাইরে না বার হয়।'
পশ্চিমবঙ্গে আজ, বৃহস্পতিবার প্রথম দফার বিধানসভা নির্বাচন হল। রাজ্যের মোট ১৬টি জেলায় মোটের ওপর শান্তিপূর্ণ ভোট হয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। অন্যদিকে আজও রাজ্যে কোমর বেঁধে প্রচার চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এদিন হুগলির বলাগড় এবং পুরশুড়ায় জনসভা করেছেন তিনি। সেখান থেকেই মহিলাদের উদ্দেশ্য করে বড় বার্তা দেন শাহ। বলেন, '৫ তারিখের পর, সন্ধ্যা ৭টা তো দূর, মাঝরাতেও যদি কোনও অল্পবয়সি মেয়ে বাড়ির বাইরে বার হয়, তা হলেও কোনও গুন্ডার হিম্মত হবে না তার দিকে চোখ তুলে তাকানোর।'
পাশাপাশি বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনা তুলেও হুঙ্কার দেন শাহ। বলেন, 'যে লোকেরা বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছেন, তাঁদের সকলকে বলছি, আপনারা বাঁচবেন না। ৫ তারিখের পর জেলে ভরব। মহিলা মুখ্যমন্ত্রী এ রাজ্যে। কিন্তু এখানেই মহিলাদের অবস্থা সবচেয়ে খারাপ। অনুপ্রবেশকারীরা আমাদের বোন-মেয়েদের উপর অত্যাচার করছে।' তাঁর আরও সংযোজন, '৫ তারিখের পর আপনার এবং ভাইপোর সময় শেষ হবে। এখানে বিজেপির সরকার তৈরি হবে। এসআইআর ছাড়ুন। এক এক করে অনুপ্রবেশকারীকে বাইরে পাঠাব।'