চোখের চিকিৎসা করাতে আদালতের অনুমতি নিয়ে আমেরিকায় গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তাঁর অনুপস্থিতিতেই রাজ্যের রাজনৈতিক মহলে একের পর এক কাণ্ড ঘটছে। টানাটানি অব্যাহত তৃণমূলের প্রতীক নিয়েও। এই পরিস...
চোখের চিকিৎসা করাতে আদালতের অনুমতি নিয়ে আমেরিকায় গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তাঁর অনুপস্থিতিতেই রাজ্যের রাজনৈতিক মহলে একের পর এক কাণ্ড ঘটছে। টানাটানি অব্যাহত তৃণমূলের প্রতীক নিয়েও। এই পরিস্থিতিতেই আমেরিকায় বসে সমাজমাধ্যমে নিজের আঘাতপ্রাপ্ত চোখের ছবি পোস্ট করলেন অভিষেক। সঙ্গে লিখলেন, 'আমি এখনও শেষ হয়ে যাইনি।'
জানা যাচ্ছে, আমেরিকার জন্স হপকিন্স হাসপাতালে অভিষেকের চিকিৎসা চলছে। সেখানেই বরাবর চোখের চিকিৎসা করাতে যান তিনি। এখন তাঁর চোখের পরিস্থিতি কেমন, তা বোঝাতে একটি ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেন অভিষেক। কিন্তু সঙ্গে যে দু'লাইন বার্তা তিনি যোগ করেছেন তা নিয়েই নতুন করে শুরু হয়েছে চর্চা। লিখেছেন, 'এই ক্ষতচিহ্নই বলে দিচ্ছে আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমার এই চোখই বলে দিচ্ছে, আমি এখনও শেষ হয়ে যাইনি।'
তৃণমূল ধরাশায়ী হওয়ার পর থেকেই বেকায়দায় পড়েছেন অভিষেক। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। যার ফলে তাঁর বিদেশ যাত্রা নিয়েও সমস্যা তৈরি হয়েছিল। পরে যদিও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই জটিলতা কাটে। অন্যদিকে অভিষেক যখন বিদেশে, তখনই শালবনির জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন তাঁর আপ্তসহায়ক সুমিত রায়। বর্তমানে সিআইডি হেফাজতে রয়েছেন তিনি। উদ্ভুত এই পরিস্থিতিতে অভিষেকের ওই সমাজমাধ্যমে পোস্ট ও বার্তা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি সেরে ফেরার সময় সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে অভিষেকের গাড়ি। গুরুতর আঘাত লাগে অভিষেকের চোখে। তারপোর্ট থেকেই আমেরিকার জন্স হপকিন্স হাসপাতালে চোখের চিকিৎসা করান তিনি।