আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলায় জেলায় প্রচার শুরু করেছেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার পশ্চিম মেদিনীপুরে দুটি কেন্দ্রে সভা রয়েছে তাঁর। ইতিমধ্যেই নারায়ণগড়ে একটি জনসভ...
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলায় জেলায় প্রচার শুরু করেছেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার পশ্চিম মেদিনীপুরে দুটি কেন্দ্রে সভা রয়েছে তাঁর। ইতিমধ্যেই নারায়ণগড়ে একটি জনসভা শেষ করেছেন তিনি। সেখানে দাঁড়িয়ে প্রথমেই ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানান মমতা। পাশাপাশি তাঁর কণ্ঠে উঠে আসে মাতঙ্গিনী হাজরার নামও। সেই সূত্র ধরেই মমতা বলেন, 'মেদিনীপুর স্বাধীনতা আন্দোলনের মাটি, এখানে স্বাধীনতার আগেই স্বাধীন সরকার হয়েছিল। এটা সংগ্রামের মাটি। আন্দোলনের মাটি। আমি এখানকার প্রত্যেকটা রাস্তাঘাট চিনি। সিপিএম এখানে অনেক খুন, অত্যাচার করেছে। আর মানুষ একের পর এক উধাও হয়ে গিয়েছে।'
এরপরেই কেন্দ্র সরকারকে নিশানায় নেন তৃণমূল নেত্রী। বলেন, 'দিল্লিতে একটা রাজনৈতিক সরকার আছে। বিজেপির সরকার। এত বজ্জাত আমি আগে দেখেনি! এত অত্যাচার আমি জীবনে দেখেনি। সবাইকে লাইনে দাঁড় করিয়ে ওরা লুটেপুটে খাবে।' চার্জশিট প্রসঙ্গ তুলে তাঁর পাল্টা আক্রমণ, প্রথম চার্জশিট মোদী আর অমিত শাহের বিরুদ্ধে হওয়া উচিত। তাঁর আরও সংযোজন, 'ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এক টাকাও দেয়নি। আমরা কাজ শুরু করেছি। দেড় হাজার কোটি টাকা দিয়ে দিয়েছি।'
বিজেপিশাসিত রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প 'টুকলি' করেছে বলে এদিন মমতা বলেন, 'স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে কোনও ধর্ম, বর্ণ, জাতি আমরা দেখি না। বিজেপিশাসিত রাজ্যে লক্ষ্মীর ভান্ডার টুকলি করেছিল। তাতেও বলেছে ফোন থাকলে পাবে না, টিভি থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না। এখানে কোনও শর্ত নেই। সকলে পান। লক্ষ্মীর ভান্ডার এখনও যাঁরা পাননি, কাজ চলছে। সকলেই পেয়ে যাবেন।'
প্রসঙ্গত, নারায়ণগড়ে প্রার্থী পরিবর্তন করেছে তৃণমূল। যাকে কেন্দ্র করে স্থানীয় স্তরেও ক্ষোভ দেখা গিয়েছিল। এদিন সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, 'এখানে আগের প্রার্থীকে টিকিট দিতে পারিনি। অন্যদেরও তো সুযোগ দিতে হয়। কখনও কখনও সংখ্যালঘুদের, মেয়েদেরও সুযোগ দিতে হয়। কেউ যদি মনে করেন, আজীবন আমি একা থাকব আর কেউ থাকবে না, তা ভুল। সকলকে নিয়ে চলতে হবে। দল সকলের জন্য। ভাল কাজ করুন। করলে টিকিট পাবেন। যে কাজ করবেন না, দলকে তো সিদ্ধান্ত নিতেই হবে। টিকিট পাননি বলে আপনাকে বিরোধিতা করতে হবে, তা নয়। সকলেই সম্মান পাবেন দল থেকে।'