বঙ্গে ভোট প্রচারে এসে শুক্রবার পানিহাটিতে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই তৃণমূলকে নিশানায় নিয়ে তাঁর হুঙ্কার, 'নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমি...
বঙ্গে ভোট প্রচারে এসে শুক্রবার পানিহাটিতে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই তৃণমূলকে নিশানায় নিয়ে তাঁর হুঙ্কার, 'নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমি বলছি, আপনারা আমাদের ভোটরূপী আশীর্বাদ দিন। কথা দিচ্ছি, তৃণমূলের মহাজঙ্গলরাজ থেকে মুক্তি দেব।'
এই পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোট লড়ছেন আরজি কর হাসপাতালে ধর্ষিত এবং খুন হওয়া মহিলা চিকিৎসকের মা। এদিন তাঁর সমর্থনেই জনসভা করেন মোদী। আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনার কথা উল্লেখ করে ওই মঞ্চ থেকেই তৃণমূলকে আক্রমণ করেন তিনি। নির্যাতিতার মায়ের প্রসঙ্গ উল্লেখ করে মোদী বলেন, 'এই মা মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন। তৃণমূলের জঙ্গলরাজ সেই মেয়েকে ছিনিয়ে নিয়েছে। আমরা তাঁর মাকে প্রার্থী করেছি।'
এদিন পানিহাটি থেকে মোদী আরও বলেন, 'রাজ্যে যে পরিবর্তনের ঝড় বইছিল, তার প্রথম সিলমোহর পড়েছে বৃহস্পতিবার, প্রথম দফার নির্বাচনে। গত কাল ভোট দেখে তৃণমূল নেতারা হতচকিত হয়ে গিয়েছে। তার পর তৃণমূল বিজেপির বিরুদ্ধে গুন্ডাদের উস্কানি দিচ্ছে। আসলে প্রদীপ নেবার আগে জ্বলে ওঠে। তৃণমূলেরও সেই অবস্থা হয়েছে।'