সোনারপুরে বন্ধ ঘর থেকে উদ্ধার প্রৌঢ়ার পচাগলা দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। জানা যাচ্ছে, মৃতার নাম মঞ্জু মণ্ডল (৫৮)। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এরপরেই আচমকা তাঁর কোন সাড়াশব্দ না পেয়ে স...
সোনারপুরে বন্ধ ঘর থেকে উদ্ধার প্রৌঢ়ার পচাগলা দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। জানা যাচ্ছে, মৃতার নাম মঞ্জু মণ্ডল (৫৮)। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এরপরেই আচমকা তাঁর কোন সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে পুলিসে খবর দিলে তাঁর দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য।
স্থানীয় সূত্রে খবর, বিগত বেশ কয়েকদিন যাবৎ ওই প্রৌঢ়াকে বাড়ির বাইরে বেরোতে দেখেননি প্রতিবেশীরা। পরে ওই বাড়ির আশপাশ থেকে কটু গন্ধ বেরোতে শুরু করলে সন্দেহ হয় এলাকাবাসীর। তড়িঘড়ি খবর দেওয়া হয় সোনারপুর থানায়। পুলিস ঘটনাস্থলে পৌঁছে বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ অবস্থায় দেখে। পরে সেই দরজা ভেঙে ঘরের মেঝে থেকে প্রৌঢ়ার পচাগলা দেহ উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সম্পত্তি দখলকে কেন্দ্র করে পারিবারিক সমস্যা ছিল। সেই ঘটনার সঙ্গে এই মৃত্যু কোনভাবে জড়িত কিনা তা এখনও স্পষ্ট নয়। যদিও প্রৌঢ়ার মৃত্যুতে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। দেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।