সোমবার শুরু হল এবারের মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় বসেছে ৯,৮৪,৭৫৩ জন। সেই মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই দেখা মিলল পুলিস কর্মীর মানবিক রুপ। মাধ্যমিক পরীক্ষার্থীকে একপ্রকার কোলে করে পরী...
সোমবার শুরু হল এবারের মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় বসেছে ৯,৮৪,৭৫৩ জন। সেই মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই দেখা মিলল পুলিস কর্মীর মানবিক রুপ। মাধ্যমিক পরীক্ষার্থীকে একপ্রকার কোলে করে পরীক্ষা সেন্টারে পৌঁছে দেন তিনি। এদিন কালিয়াগঞ্জ ব্লকের ডালগা উচ্চ বিদ্যালয়ের সামনে দেখা গেল সেই ছবি।
জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থী মহম্মদ ইরাফান, তার পরীক্ষার সিট পড়েছিল কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে। কয়েকদিন আগে বাড়ি পাশের পেয়ারা গাছ থেকে পড়ে গিয়ে ডান পায়ের এড়ির অংশ ভেঙে যায় তার। তার বিদ্যালয়ের পক্ষ থেকে তার জন্য আলাদাভাবে পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার কথাও জানায়। কিন্তু, সে নিজের আসনে বসেই পরীক্ষা দিতে চায় বলে জানিয়েছিল। সেই মতো সোমবার পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আগেই টোটোতে চেপে পরিবারের সঙ্গে পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে আসে ওই ছাত্র।
এরপর পরীক্ষার ঘরে যেতে সমস্যা হলে এগিয়ে আসে পরীক্ষা সেন্টারের দায়িত্বে থাকা এক পুলিস অফিসার। একেবারে কোলে তুলে নিয়ে যায় ওই পুলিস কর্মী। পুলিস কর্মীর মানবিক চিন্তা ভাবনা দেখে খুশি ছাত্র মহম্মদ ইরফানের বাবা আব্দুল ওহাব। তিনি বলেন, একটু চিন্তায় ছিলেন তার ছেলে পরীক্ষা নিয়ে। কিন্তু পরীক্ষার প্রথমদিনে যেভাবে পুলিস অফিসার এগিয়ে এসেছে তাতে তার সব দুশ্চিন্তা মুক্ত। তার বিশ্বাস তার ছেলের ভালো পরীক্ষা হবে।