দিব্যি বেঁচে রয়েছেন বৃদ্ধা। ঘুরছেন, খাচ্ছেন এমনকি বছর বছর নিয়ম করে ভোটও দিয়েছেন। তা সত্ত্বেও কমিশনের চোখে মৃত ৮০ বছরের উমারানী সাহা। যেহেতু মৃত, তাই বাড়িতে পৌছোয়নি তাঁর নামে এনুমারেশন ফর্ম। আর স্বাভাব...
দিব্যি বেঁচে রয়েছেন বৃদ্ধা। ঘুরছেন, খাচ্ছেন এমনকি বছর বছর নিয়ম করে ভোটও দিয়েছেন। তা সত্ত্বেও কমিশনের চোখে মৃত ৮০ বছরের উমারানী সাহা। যেহেতু মৃত, তাই বাড়িতে পৌছোয়নি তাঁর নামে এনুমারেশন ফর্ম। আর স্বাভাবিক ভাবেই এই ঘটনায় ব্যাপক দুশ্চিন্তায় পড়েছেন গোটা পরিবার। কারণ পরিবারের বাকি সদস্যদের নামে SIR-এর ফর্ম এলেও একমাত্র বঞ্চিত বৃদ্ধা।
নদীয়া জেলার ৮২ নম্বর চাপড়া বিধানসভা অন্তর্গত হাতিশালা ১ নম্বর পঞ্চায়েত এলাকার দীর্ঘদিনের বাসিন্দা উমারানী সাহা (৮০)। শেষ পঞ্চায়েত ভোটেও তিনি অংশ নিয়েছেন বলে জানিয়েছে পরিবার। কিন্তু ২০২৫ সালের নির্বাচনী তালিকায় বৃদ্ধার নাম থাকলেও তা ডিলিটেড দেখানো হয়েছে। অর্থাৎ তালিকা অনুযায়ী কমিশন তাঁকে মৃত চিহ্নিত করেছেন। সেই কারণেই পরিবারের সকলের নামে এনুমারেশন ফর্ম এলেও ফর্ম আসেনি উমারানী সাহার নামে। তবে পর পর সমস্ত নির্বাচনে অংশ নেওয়ার পরেও কীভাবে বৃদ্ধার নাম বাতিল হয়ে গেল তা বুঝে উঠতে পারছেন না পরিবার।
এই বিষয়ে নদীয়ার জেলা শাসক অনীশ দাসগুপ্ত জানিয়েছন, তিনি এই বিষয়টি খতিয়ে দেখবেন। কেন বৃদ্ধার নাম বাদ গেল বা এর নেপথ্যে অন্য কোন কারণ রয়েছে তা দেখবেন তিনি। তাঁর আশঙ্কা বৃদ্ধাকে হয়ত নতুন করে কমিশনের ৬ নম্বর ফর্ম পূরণ করতে হবে।