জ্ঞানেশ কুমারের দাওয়াই কি তবে কাজ করতে শুরু করে দিয়েছে? এদিন, ফর্ম-৬ জমা দেওয়াকে কেন্দ্র করে কমিশন দফতরের সামনে তৃণমূল-বিজেপি খণ্ডযুদ্ধ বেধে যায়। তৃণমূলপন্থী বিএলও-দের বক্তব্য, গতকাল অভিষেক...
জ্ঞানেশ কুমারের দাওয়াই কি তবে কাজ করতে শুরু করে দিয়েছে?
এদিন, ফর্ম-৬ জমা দেওয়াকে কেন্দ্র করে কমিশন দফতরের সামনে তৃণমূল-বিজেপি খণ্ডযুদ্ধ বেধে যায়। তৃণমূলপন্থী বিএলও-দের বক্তব্য, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশন কর্তাদের সঙ্গে দেখা করার পর থেকেই তাঁরা নজর এই চত্বরে নজর রাখছেন। যাতে কেউ বস্তাভর্তি ফর্ম-৬ জমা দিতে না-পারে। এমতাবস্থায়, এদিন শুভেন্দু অধিকারী তাঁর সতীর্থদের সঙ্গে নিয়ে কমিশন দফতরে গিয়ে অভিযোগ-অনুযোগ জানিয়ে বেরনোর পর থেকেই পরিস্থিতি তেতে উঠতে শুরু করে। তৃণমূলের অভিযোগ, বিজেপির এক কর্মী ৪০০ টি ফর্ম-৬ সঙ্গে করে নিয়ে এসে কমিশনে জমা দিতে যাচ্ছিলেন (কারুর দাবি, জমা দিয়ে দিয়েছিলেন)। এমতাবস্থায়, ওই বিজেপি কর্মীকে বাধা দেয় তৃণমূল, শুরু হয় ধস্তাধস্তি। শুরু হয় খণ্ডযুদ্ধ। অ্যাকশনে মোডে দেখা যায় পুলিসকে।
পুলিসের মার খেল তৃণমূল
পুলিসের মারে জখম হন এক তৃণমূল কর্মী। তারপর পুলিসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ওই কর্মী (দাবি, তিনি নাকি তৃণমূলপন্থী বিএলও) বলেন, "আমরা প্রতিবাদ করছিলাম, পুলিস এসে আমাকে মারল (হাতের কবজি থেকে কনুই অবধি দেখিয়ে)। তবে আমরা এলাকা ছাড়বো না। ফর্ম-৬ নিয়ে যাঁকে আসতে দেখেছিলাম, পুলিসের অবিলম্বে তাঁকে গ্রেফতার করা উচিত"।
ফর্ম-৬ নিয়ে সোমবার রাত থেকেই সুর চড়াচ্ছিল তৃণমূল। একদিকে, কমিশন দফতরের বাইরে প্রবল বিক্ষোভ, ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা, দেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে স্লোগান। অন্যদিকে, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে আলোচনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিদায়ী শাসক শিবিরের অভিযোগ, বহিরাগতদের নিয়ে আসছে বিজেপি, যারা বাংলায় ভোট দেবে। এবং, সেই কারণেই নাকি, গাদাগুচ্ছের ফর্ম-৬ ভরতি করে জমা দিচ্ছে বিজেপি, নতুন নাম তুলতে।
এরপর ২৪ ঘণ্টাও কাটেনি। কমিশন দফতরের সামনে তৃণমূল-বিজেপির খণ্ডযুদ্ধ শুরু হয়ে। প্রথমে শুভেন্দু অধিকারী তাঁর সতীর্থদের নিয়ে কমিশন দফতরের ভিতর অভিযোগ-অনুযোগ জানাতে ঢুকলেন। শুভেন্দু বেরোতেই শুরু হল হট্টগোল। তৃণমূলের অভিযোগ, শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুর থেকে বিজেপির এক কর্মী ৪০০ টি ফর্ম-৬ নিয়ে আসছিলেন জমা দেওয়ার জন্য। তাঁকে হাতেনাতে পাকড়াও করা হয়। বিক্ষোভরত একজন সংবাদমাধ্যমের সামনে বললেন, "কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর থেকে আমরা নজর রাখছি, কেউ যেন গাদা-গাদা ফর্ম-৬ জমা দিতে না-পারে। আজকে একজনকে দেখি ৪০০ টি ফর্ম-৬ নিয়ে যাচ্ছে। আমরা বাধা দিই। আমাদের উপর চড়াও হন বিজেপি কর্মীরা"। পাল্টা জনৈক বিজেপি কর্মীকে প্রশ্ন করা হয়, তৃণমূল বলছে আপনারা গুন্ডাগর্দি করছেন, উত্তরে তাঁকে বলতে শোনা যায়, "আমরা যদি গুন্ডাগর্দি শুরু করতাম তাহলে কালীঘাটে পিসি-ভাইপো থাকতে পারতেন না"।