"প্রথম দফার ভোটে বিজেপির কোমর ভেঙে গেছে। বিজেপি হেরে গেছে। তৃণমূল কংগ্রেস চতুর্থবার ক্ষমতায় আসার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গড়ার ভিতপুজো হয়ে গিয়েছে। দ্বিতীয় দফায় শুধু রেকর্ডটা ভাঙা হবে...
"প্রথম দফার ভোটে বিজেপির কোমর ভেঙে গেছে। বিজেপি হেরে গেছে। তৃণমূল কংগ্রেস চতুর্থবার ক্ষমতায় আসার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গড়ার ভিতপুজো হয়ে গিয়েছে। দ্বিতীয় দফায় শুধু রেকর্ডটা ভাঙা হবে। বিপুল পরিমাণ ভোট পড়েছে, শতাংশের হিসেবে। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমরা খুব পরিষ্কার করে বলছি, প্রথম দফায় ১৫২ টি বিধানসভা কেন্দ্রে যে-নির্বাচন হয়েছে, তার মধ্যে ১২৫ থেকে ১৩৫ টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে"।
বাংলায় প্রথম দফার ভোট শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
আর বিজেপি?
"তৃণমূল ৪ তারিখ অবধি জিতবে, আমরা ৪ তারিখের পর জিতব", এদিন ইকোপার্ক থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এবং সেই সঙ্গে প্রশ্ন উঠল, আত্মপ্রত্যয়ী হয়েই কি দিলীপের এই মন্তব্য, নাকি এর মধ্যে অন্য কোনও ইঙ্গিত রয়েছে? পর্যবেক্ষকরা মনে করিয়ে দিচ্ছেন, গত কয়েকবছর ধরে বিজেপি ও কমিশনকে একই বন্ধনীতে ফেলে ইভিএম কারচুপির অভিযোগ করে এসেছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের অন্যতম শরিক কংগ্রেস নানাভাবে ভোটচুরির অভিযোগ তুলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বারংবার ব্যালটে ভোটের দাবি করেছেন।
এবার প্রথম দফার নির্বাচনে একাধিক জায়গা থেকে অভিযোগ এসেছে, ইভিএম-এ যে-চিহ্নের বোতাম টেপা হোক না কেন, ভোট পড়ছে পদ্ম-প্রতীকেই! যদিও আনুষ্ঠানিকভাবে রাজ্যের শাসকশিবিরের তরফে এমন কোনও অভিযোগ করা হয়নি।