বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের জুহুর বিলাসবহুল বাংলো বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি চাঞ্চল্যকর ইমেল আসে,আর তারপরই শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনার জেরে নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ এবং রাজ্য নিরাপত্তা বাহিনী।
সূত্রের খবর, সম্প্রতি একটি অজ্ঞাতপরিচয় সূত্র থেকে আসা ওই হুমকি বার্তায় অমিতাভ বচ্চনের বাসভবনকে টার্গেট করা হয়। খবর প্রকাশ্যে আসতেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কোন আইপি অ্যাড্রেস বা কোথাথেকে এই মেল পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখতে আসরে নেমেছে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম সেল।
ঘটনার গুরুত্ব বিচার করে বিগ বি-র বাসভবনের বাইরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। অতীতেও একাধিক সেলিব্রিটির কাছে এই ধরনের ভুয়ো হুমকি আসার ঘটনা ঘটেছে, যা পরবর্তীতে নিছক আতঙ্ক ছড়ানোর চেষ্টা বলে প্রমাণিত হয়েছে। তবে পুলিশ কোনো রকম ঝুঁকি না নিয়ে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে খুব শীঘ্রই এই ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তির নাগাল পাওয়া যাবে। বর্তমানে অভিনেতার বাসভবনের চারপাশের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।