Calcutta Television Network

তামান্নাকে নিয়ে ফের মন্তব্যে বিতর্কে অন্নু কাপুর, নেটপাড়ায় সমালোচনা

তামান্নাকে নিয়ে ফের মন্তব্যে বিতর্কে অন্নু কাপুর, নেটপাড়ায় সমালোচনা
2 September 2026 04:44:04 pm

তামান্না ভাটিয়াকে নিয়ে ফের বিতর্কিত মন্তব্য। আবারও জড়িয়ে পড়লো অভিনেতা অন্নু কাপুরের নাম। বিগত সময়ে অভিনেত্রীর চেহারা নিয়ে তাঁর একটি কটু মন্তব্য সমাজমাধ্যমে ব্যাপক ঝড় তুলে দিয়েছিল। সমালোচনা হয়েছিল বিস্তর। বছর ঘুরতে না ঘুরতেই তামান্নাকে নিয়ে তাঁর নতুন মন্তব্য ঘিরেও শুরু হয়েছে তরজা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তামান্না ভাটিয়াকে নিয়ে বক্তব্য রাখতে গিয়ে অন্নু কাপুর তাঁকে শুভেচ্ছা জানান। সেই সময় তিনি বলেন, ‘‘সদা সুহাগন রহে ও।’’


সাধারণত বিবাহিত নারীদের জন্য এই ধরনের শুভকামনার ব্যবহার দেখা যায়। কিন্তু তামান্না যেহেতু এখনও অবিবাহিত, সঞ্চালক সঙ্গে সঙ্গেই অন্নু কাপুরকে বিষয়টি মনে করিয়ে দেন। ভুল বুঝতে পেরে অভিনেতা তৎক্ষণাৎ নিজের মন্তব্য বদলে ফেলেন। পরে তিনি আবার বলেন, ‘‘সদা সৌভাগ্যবতী ভব।’’ অর্থাৎ, অভিনেত্রী যেন সব সময় সৌভাগ্যের অধিকারিণী হন। কিন্তু তামান্নার ব্যক্তিগত জীবন সম্পর্কে সঠিক তথ্য না জেনেই এমন মন্তব্য করা এবং পরে তা সংশোধন করা নিয়ে নেটমাধ্যমে যথারীতি নানা প্রশ্ন উঠেছে। এর আগেও তামান্নাকে নিয়ে অন্নু কাপুরের একটি মন্তব্য বিতর্ক তৈরি করেছিল।


একটি ইউটিউব সাক্ষাৎকারে তামান্নার জনপ্রিয় আইটেম গান ‘আজ কি রাত’ নিয়ে আলোচনা চলছিল। সঞ্চালক তাঁকে প্রশ্ন করেছিলেন, গানটি নাকি তামান্না; দুইয়ের মধ্যে কাকে তিনি বেছে নেবেন? জবাবে অভিনেত্রীর চেহারা নিয়ে চটুল মন্তব্য করেছিলেন অন্নু। সেই মন্তব্য ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হলে, পরবর্তীতে নিজের বক্তব্যের ব্যাখ্যাও দেন তিনি। অন্নু কাপুরের দাবি ছিল, তিনি অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করতেই ওই বক্তব্যটি রেখেছিলেন। তাঁর বক্তব্য, একই কথা ইংরেজিতে বলা হলে হয়তো এমন বিতর্ক তৈরি হত না। তবে অন্নু কাপুরের সেই মন্তব্যে তামান্নাও যে অস্বস্তি বোধ করেছিলেন, তা পরবর্তীতে জানা যায়। অভিনেত্রী স্পষ্ট করেছিলেন, তাঁর চেহারা নিয়ে এমন বিশেষণ ব্যবহার করা একেবারেই তাঁর পছন্দ নয়। এ বার ফের তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হওয়ায় সমাজমাধ্যমে অন্নু কাপুরকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন অনেকেই। অভিনেত্রীর সম্পর্কে সঠিক তথ্য না জেনে মন্তব্য করা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটনাগরিকদের একাংশ।

×
  • CTVN