গরম প্...">
গরম প্রায় পড়েই গেল বলা যায়। দোলটা মিটলেই একেবারে জোর কদমে শুরু হবে গরমের দাপাদাপি। কিন্তু এখনই এমন অনেক মানুষ আছেন যাদের গরমের কারণে শরীরে নানান সমস্যা শুরু হয়েই গেছে। এই যেমন গরমের সময় অনেকেরই লো ব্লাড প্রেসারের বা নিম্ন রক্তচাপ সমস্যা বেড়ে যায়। অতিরিক্ত ঘাম, জলশূন্যতা এবং দীর্ঘ সময় রোদে থাকার কারণে শরীরে রক্তচাপ হঠাৎ কমে যেতে পারে। এর ফলে মাথা ঘোরা, দুর্বল লাগা, ঝাপসা দেখা, বমি বমি ভাব কিংবা অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। তাই গরমে লো প্রেসারের সমস্যা হলে দ্রুত সচেতন হওয়া জরুরি।
একদম শুরুতেই যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হল পর্যাপ্ত জল পান করা। গরমে শরীর থেকে ঘামের মাধ্যমে লবণ ও জল বেরিয়ে যায়, ফলে রক্তচাপ কমে যেতে পারে। প্রতিদিন অন্তত ৮–১০ গ্লাস জল পান করুন। প্রয়োজনে ওরস্যালাইন বা লবণ-চিনির জলও খেতে পারেন, যা শরীরের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আবার নিম্ন রক্তচাপের আরেকটি বড় কারম হতে পারে না খাওয়া। ফলে দীর্ঘ সময় কখনই খালি পেটে থাকবেন না। অল্প অল্প করে বারবার খাবার খাওয়ার অভ্যাস করুন। ফল, শাকসবজি, বাদাম ও হালকা প্রোটিনসমৃদ্ধ খাবার রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়ক। হঠাৎ বসা বা শোয়া অবস্থা থেকে উঠে দাঁড়াবেন না; ধীরে ধীরে উঠুন, যাতে মাথা না ঘোরে।
এরসাথে অতিরিক্ত রোদ এড়িয়ে চলুন। প্রয়োজনে ছাতা ব্যবহার করুন এবং হালকা, ঢিলেঢালা সুতি কাপড় পরুন। দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে বাইরে না বের হওয়াই ভালো। যদি মাথা ঘোরে, সঙ্গে সঙ্গে বসে পড়ুন বা শুয়ে পড়ুন এবং পা সামান্য উঁচু করে রাখুন। এতে মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়ে এবং দ্রুত আরাম পাওয়া যায়। ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিলেও উপকার মিলতে পারে। তবে ঘন ঘন লো প্রেসার হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ দীর্ঘমেয়াদি নিম্ন রক্তচাপ অন্য কোনো শারীরিক সমস্যার লক্ষণও হতে পারে। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত বিশ্রাম ও সচেতনতা গরমে লো প্রেসারজনিত মাথা ঘোরা থেকে রক্ষা পেতে সাহায্য করে।