এসি ছাড়া ঘুম আসে না! এখন এটাই শহুরে জীবনের বাস্তবতা। কিন্তু জানেন কি, ঘরের তাপমাত্রা আপনার হৃদ্যন্ত্রের ওপর কতটা প্রভাব ফেলতে পারে? সাম্প্রতিক এক গবেষণা বলছে, অতিরিক্ত গরম ঘর হার্টের জন্য বিপজ্জনক... বিশেষত প্রবীণদের ক্ষেত্রে।
Griffith University-এর গবেষকরা ৬৫ বছর বা তার বেশি বয়সি ৪৭ জনকে নিয়ে পরীক্ষা চালান। তাঁদের পর্যবেক্ষণ, ঘরের তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠলেই হৃদ্যন্ত্রের ওপর চাপ বাড়তে শুরু করে। উচ্চ তাপমাত্রায় শরীর ঠান্ডা রাখতে হার্টকে বেশি কাজ করতে হয়, ফলে হৃদস্পন্দন বেড়ে যায় এবং কার্ডিওভাসকুলার সিস্টেমের ওপর অতিরিক্ত স্ট্রেস তৈরি হয়।
গবেষণায় দেখা গেছে... ২৪-২৬ ডিগ্রির মধ্যে থাকলে হার্ট স্ট্রেস প্রায় ৪০% বাড়ে। ২৬-২৮ ডিগ্রিতে তা দ্বিগুণের কাছাকাছি পৌঁছয়। আর ২৮-৩০ ডিগ্রির মধ্যে গেলে স্ট্রেস বেড়ে যেতে পারে ৩০০% পর্যন্ত!
অর্থাৎ, তাপমাত্রা যত বাড়বে, ঝুঁকিও তত দ্রুত বাড়বে। বিশেষ করে ঘুমের সময় এই চাপ আরও বিপজ্জনক হতে পারে, কারণ তখন শরীর স্বাভাবিক বিশ্রামের পর্যায়ে থাকে। একটানা অতিরিক্ত পরিশ্রমের ফলে হার্টের পুনরুদ্ধার প্রক্রিয়াও ধীর হয়ে যায়।
গবেষণাটি প্রকাশিত হয়েছে BMC Medicine-এ। বিশেষজ্ঞদের পরামর্শ... ঘরের তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রাখা সবচেয়ে বেশি নিরাপদ। অর্থাৎ, এসি ব্যবহার করবেন, কিন্তু সচেতনভাবে। মনে রাখবেন, সামান্য অসতর্কতাই হৃদ্যন্ত্রের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।