ভিটামিন এ-এর উৎস-
ভিটামিন এ প্রধানত দুই ধরনের উৎস থেকে পাওয়া যায়-প্রাণিজ উৎস ও উদ্ভিজ্জ উৎস।
প্রাণিজ উৎসের মধ্যে রয়েছে যকৃত (লিভার), ডিমের কুসুম, দুধ, মাখন, মাছের তেল ইত্যাদি। এসব খাবারে সরাসরি রেটিনল (Retinol) থাকে, যা শরীর সহজেই ব্যবহার করতে পারে।
উদ্ভিজ্জ উৎসে থাকে বিটা-ক্যারোটিন (Beta-carotene), যা শরীর ভিটামিন এ-তে রূপান্তর করে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গাজর, কুমড়া, মিষ্টি আলু, পালং শাক, লাল শাক, আম, পেঁপে এবং সবুজ পাতাযুক্ত সবজি।
ভিটামিন এ-এর উপকারিতা বা প্রভাব-
ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি চোখের রেটিনার কার্যকারিতা বাড়ায় এবং রাতকানা প্রতিরোধ করে। এছাড়া এটি ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখে এবং ত্বকের শুষ্কতা কমায়।
এই ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফলে সর্দি-কাশি ও সংক্রমণজনিত রোগ থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে। শিশুদের সঠিক বৃদ্ধি ও বিকাশেও ভিটামিন এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে অতিরিক্ত ভিটামিন এ গ্রহণ ক্ষতিকর হতে পারে তাই সঠিক পরিমাণে ও ভারসাম্যপূর্ণ খাদ্যের মাধ্যমে ভিটামিন এ গ্রহণ করা উচিত।
ভিটামিন এ আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান, যা নিয়মিত সঠিক খাদ্য গ্রহণের মাধ্যমে পাওয়া সম্ভব।