শরীরে ...">
শরীরে রক্তের ঘাটতি বা অ্যানিমিয়া হলে দুর্বলতা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, হৃদস্পন্দন বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে নারীদের মধ্যে, গর্ভাবস্থায় এবং বেড়ে ওঠা শিশুদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। রক্ত বাড়াতে হলে মূলত হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে হয়, আর এর জন্য সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরজন্য আয়রনসমৃদ্ধ খাবার বেশি খেতে হবে। যেমন খাসির মাংস, ডিমের কুসুম, পালং শাক, লাল শাক, মসুর ডাল, ছোলা, কিশমিশ, খেজুর ইত্যাদি। আয়রন হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। প্রাণিজ উৎসের আয়রন অর্থাৎ হিম আয়রন শরীরে দ্রুত শোষিত হয়, তাই যারা আমিষ খান তারা নিয়মিত পরিমিত পরিমাণে মাংস ও ডিম খেতে পারেন।
ভিটামিন সি সমৃদ্ধ খাবার আয়রন শোষণে সাহায্য করে। তাই লেবু, কমলা, আমলকি, টমেটো, পেয়ারা ইত্যাদি খাবার আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে খাওয়া ভালো। যেমন ডাল বা শাকের সঙ্গে লেবুর রস দিলে উপকার বেশি পাওয়া যায়। ভিটামিন বি১২ ও ফলিক অ্যাসিডও রক্ত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুধ, দই, মাছ, মাংস, ডিম, সবুজ শাকসবজি এবং বিভিন্ন ডালজাতীয় খাবার এই উপাদান সরবরাহ করে। নিরামিষভোজীদের ক্ষেত্রে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে।
এছাড়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি। যদি গুরুতর অ্যানিমিয়া ধরা পড়ে, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন ট্যাবলেট বা ইনজেকশন নিতে হতে পারে। পাশাপাশি পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম এবং কৃমিনাশক ওষুধ সেবন রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক। সর্বোপরি, সুষম খাদ্যাভ্যাস ও সচেতন জীবনযাপনই শরীরে রক্ত বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায়। সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।