আমাদের শরীরের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে পরিশ্রমী অঙ্গগুলির একটি হল কিডনি। রক্ত ছেঁকে দূষিত পদার্থ বের করা থেকে শুরু করে রক্তচাপ নিয়ন্ত্রণ, হরমোনের ভারসাম্য রাখা... একা হাতেই বহু গুরুত্বপূর্ণ কাজ সামলায় এই অঙ্গ। মানুষের শরীরে দুটি কিডনি থাকায় একটি ক্ষতিগ্রস্ত হলেও অনেক সময় তা বাইরে থেকে ধরা পড়ে না। আর সেই কারণেই কিডনির অসুখ ধরা পড়ে দেরিতে।
কিন্তু জানেন কি, কিডনির সমস্যা অনেক সময় চোখের মাধ্যমেই আগাম সতর্কবার্তা দেয়? চোখে দেখা দেওয়া কিছু পরিবর্তন বুঝিয়ে দিতে পারে যে কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে কমছে।
চোখে দেখা দেওয়া কিডনির বিপদ সংকেত...
১. চোখের নিচে স্থায়ী ফোলাভাব
ঘুম থেকে ওঠার পর চোখের নিচে সামান্য ফোলা স্বাভাবিক হতে পারে। কিন্তু সেই ফোলা যদি সারাদিন না কমে, তবে তা কিডনির সমস্যার লক্ষণ হতে পারে। কিডনি ঠিকমতো কাজ না করলে শরীরে প্রোটিন ক্ষয় ও জল জমে এই ধরনের ফোলাভাব দেখা দেয়।
২. ঝাপসা দেখা বা ডাবল ভিশন
হঠাৎ ঝাপসা দেখা বা একই জিনিস দু’বার দেখার সমস্যা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ইঙ্গিত হতে পারে- যা কিডনি বিকলের অন্যতম প্রধান কারণ।
৩. চোখে শুষ্কতা ও জ্বালাপোড়া
চোখ বারবার শুকিয়ে যাওয়া, জ্বালা বা খসখসে ভাব শরীরে টক্সিন জমার লক্ষণ হতে পারে। কিডনি ঠিকমতো বর্জ্য বের করতে না পারলে এই সমস্যা দেখা দেয়।
৪. অকারণে চোখ লাল হয়ে যাওয়া
চোখে সংক্রমণ ছাড়াই লালচে ভাব দেখা দিলে তা উচ্চ রক্তচাপ বা অটোইমিউন কিডনি রোগের ইঙ্গিত হতে পারে।
৫. রং চিনতে অসুবিধা
নীল বা হলুদ রং চিনতে সমস্যা হওয়া চোখের স্নায়ুর ক্ষতির লক্ষণ। দীর্ঘদিনের কিডনি অসুখে এই ধরনের জটিলতা দেখা দিতে পারে।
৬. ডার্ক সার্কেল ও চরম ক্লান্তি
কিডনির সমস্যা হলে ঘুমের ব্যাঘাত ঘটে, রক্তস্বল্পতা দেখা দেয়। তার ফলেই চোখের নিচে ডার্ক সার্কেল ও সারাদিনের অবসাদ।
চিকিৎসকদের মতে, এই লক্ষণগুলিকে কখনওই হালকাভাবে নেওয়া উচিত নয়। বারবার এমন উপসর্গ দেখা দিলে দ্রুত রক্ত ও মূত্র পরীক্ষা করিয়ে নেফ্রোলজিস্টের পরামর্শ নেওয়া জরুরি। পর্যাপ্ত জল পান, সুষম খাদ্যাভ্যাস, রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলেই কিডনিকে দীর্ঘদিন সুস্থ রাখা সম্ভব।