যৌনতা নিয়ে লজ্জা, ভুল ধারণা আর অস্বস্তি... এই তিনেই ঘেরা আমাদের সমাজ। অথচ শরীরবিজ্ঞান বলছে, সুস্থ ও আনন্দদায়ক যৌনজীবনের জন্য কিছু সহজ অভ্যাসই যথেষ্ট। তার মধ্যে অন্যতম- যৌনমিলনের আগে ও পরে প্রস্রাব করা।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এই ছোট্ট অভ্যাসের রয়েছে একাধিক স্বাস্থ্যগুণ। প্রথমত, মিলনের আগে প্রস্রাব করলে মূত্রনালিতে জমে থাকা ব্যাকটেরিয়া অনেকটাই বেরিয়ে যায়। ফলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI)-এর ঝুঁকি কমে। নারী ও পুরুষ... উভয়ের ক্ষেত্রেই এটি কার্যকর।
শুধু সংক্রমণ প্রতিরোধ নয়, যৌনসুখের সঙ্গেও রয়েছে এর গভীর সম্পর্ক। মূত্রথলি পূর্ণ থাকলে মিলনের সময় অস্বস্তি তৈরি হতে পারে। বিশেষ করে অর্গ্যাজমের সময় চাপ বাড়ে, ফলে আনন্দের বদলে অস্বস্তি অনুভূত হতে পারে। কিন্তু মূত্রথলি খালি থাকলে শরীর থাকে বেশি রিল্যাক্সড, অর্গ্যাজম হয় আরও তীব্র ও স্বাচ্ছন্দ্যময়।
অনেক বিশেষজ্ঞের মতে, মিলনের আগে প্রস্রাব করলে যৌনমিলনের স্থায়িত্বও কিছুটা বাড়তে পারে। কারণ অস্বস্তি বা চাপের অনুভূতি কম থাকলে মনোযোগ থাকে পুরোপুরি আনন্দে। পুরুষদের ক্ষেত্রে এটি বিশেষভাবে উপকারী বলে মনে করা হয়।
অন্যদিকে, মিলনের পরে প্রস্রাব করা বিশেষত মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যৌনতার সময় বিভিন্ন রস বা জীবাণু মূত্রনালির কাছাকাছি পৌঁছাতে পারে। মিলনের পর মূত্রত্যাগ করলে সেগুলি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে, ফলে সংক্রমণের ঝুঁকি কমে যায়।
যৌনস্বাস্থ্য মানে শুধু আনন্দ নয়... নিরাপত্তা ও সচেতনতা দুটোই জরুরি। বিছানায় ঝড় তুলতে চাইলে আগে নিশ্চিত করুন শরীর স্বস্তিতে আছে কি না। ছোট এই অভ্যাসই দিতে পারে বড় পরিবর্তন।