বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুযোগ নিয়ে এল ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (BECIL)। দিল্লির ঝাজ্জারে অবস্থিত AIIMS-এর ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে বিভিন্ন পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই নিয়োগে চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে প্রশাসনিক ও সহায়ক কর্মী—বিভিন্ন ধরনের পদ রয়েছে। ফলে ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা নিজেদের দক্ষতা অনুযায়ী আবেদন করতে পারবেন।
নিয়োগের মধ্যে রেডিয়োথেরাপি টেকনিশিয়ান ও মেডিকেল ল্যাব টেকনিশিয়ান পদে মাসিক পারিশ্রমিক সর্বোচ্চ ৪০,৭১০ টাকা। এছাড়া ওটি টেকনিশিয়ান পাবেন ৩৩,৫৮০ টাকা, পেশেন্ট কেয়ার ম্যানেজার ৩০,০০০ টাকা এবং পেশেন্ট কেয়ার কো-অর্ডিনেটর পদে মাসিক পারিশ্রমিক ২৮,৪৪৪ টাকা।
শুধু মেডিক্যাল বা লাইফ সায়েন্সের প্রার্থীরাই নন, ডেটা এন্ট্রি অপারেটর পদে দ্বাদশ শ্রেণি পাশ প্রার্থীরাও সুযোগ পাবেন। এই পদে মাসিক পারিশ্রমিক ২৬,২০৮ টাকা। অন্যদিকে মাধ্যমিক পাশ করেও মাল্টি-টাস্কিং স্টাফ ও খালাসি পদে আবেদন করা যাবে, যেখানে পারিশ্রমিক ২১,৫০২ টাকা।
আগ্রহী প্রার্থীদের অবশ্যই মনে রাখতে হবে, আবেদনের শেষ সময় ১৬ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট। আবেদন শুধুমাত্র অনলাইনে (https://www.becil.com/Vacancies) করা যাবে। তাই শেষ মুহূর্তের ঝুঁকি না নিয়ে যোগ্যতা ও বয়সের শর্ত যাচাই করে দ্রুত আবেদন করাই বুদ্ধিমানের কাজ।