সরকারি প্রতিষ্ঠানে চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য সুখবর। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (IISER) কলকাতা স্পোর্টস কোচ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বল্পমেয়াদি চুক্তির ভিত্তিতে মোট ১১টি বিভিন্ন খেলার জন্য কোচ নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।
প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, কবাডি, খো-খো, লন টেনিস, টেবিল টেনিস, ভলিবল এবং দাবা-এই ১১টি খেলার জন্য কোচ প্রয়োজন। নির্বাচিত প্রার্থীদের IISER কলকাতায় প্রতিদিন চার ঘণ্টার প্রশিক্ষণ সেশন পরিচালনা করতে হবে।
আবেদনের জন্য প্রার্থীদের ফিজ়িক্যাল এডুকেশন বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি কোনও স্কুল, কলেজ বা স্বীকৃত ক্লাবে অন্তত এক বছরের কোচিংয়ের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। তবে যাঁদের কোচিংয়ে সার্টিফিকেট কোর্স রয়েছে বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
নিযুক্ত কোচদের প্রতি মাসে ১২ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে। এই চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ অগস্ট ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের ৪ অগস্ট নির্ধারিত ঠিকানায় জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার স্বপ্রত্যয়িত নথি, সচিত্র পরিচয়পত্র এবং আবেদনপত্র নিয়ে সরাসরি ইন্টারভিউয়ে উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউয়ের পাশাপাশি প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমেও প্রার্থীদের দক্ষতা যাচাই করা হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে IISER কলকাতার প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।