সরকারি চাকরির খোঁজে থাকা যোগ্য প্রার্থীদের জন্য সুখবর এনেছে ইন্ডিয়া পোস্ট। ডাক বিভাগের বেঙ্গালুরুর মেল মোটর সার্ভিস (Mail Motor Service)-এ স্টাফ কার ড্রাইভার পদে মোট ১১টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি (www.indiapost.gov.in) প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ১০টি পদ বেঙ্গালুরু এবং ১টি পদ মহীশূরের সাব-ডিপোতে রয়েছে। নিয়োগ হবে ডেপুটেশন বা অ্যাবসর্পশন ভিত্তিতে এবং নির্বাচিত প্রার্থীরা সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের পে লেভেল-২ অনুযায়ী মাসিক ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত মূল বেতন ছাড়াও অন্যান্য সরকারি ভাতা পাবেন।
এই নিয়োগের জন্য আবেদনকারীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে এবং হালকা ও ভারী মোটরযান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পাশাপাশি কমপক্ষে তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা এবং গাড়ির ছোটখাটো রক্ষণাবেক্ষণ ও মেরামতের প্রাথমিক জ্ঞান থাকা বাধ্যতামূলক। তবে এটি সাধারণ প্রার্থীদের জন্য উন্মুক্ত নিয়োগ নয়। শুধুমাত্র কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীরাই এই পদে আবেদন করতে পারবেন। বিশেষ করে ডাক বিভাগের ডিসপ্যাচ রাইডার এবং মাল্টি-টাস্কিং স্টাফ (MTS)-দের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া, এক বছরের মধ্যে অবসর নিতে চলা সশস্ত্র বাহিনীর যোগ্য কর্মীরাও আবেদন করতে পারবেন। আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৫৬ বছর হতে হবে।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইন। নির্ধারিত আবেদনপত্র পূরণ করে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, ড্রাইভিং লাইসেন্স, বয়সের প্রমাণ, নিয়োগপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথির স্ব-প্রত্যয়িত অনুলিপি সংযুক্ত করে ম্যানেজার, মেল মোটর সার্ভিস, বেঙ্গালুরু - ৫৬০০০১ ঠিকানায় পাঠাতে হবে। 'এমপ্লয়মেন্ট নিউজ'-এ বিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এটি স্থায়ী সরকারি চাকরিতে উন্নতির একটি উল্লেখযোগ্য সুযোগ।