Calcutta Television Network

CISF-এ ৪৫০ ক্রীড়াবিদ নিয়োগ! কীভাবে করবেন আবেদন জেনে নিন বিস্তারিত...

CISF-এ ৪৫০ ক্রীড়াবিদ নিয়োগ! কীভাবে করবেন আবেদন জেনে নিন বিস্তারিত...
24 October 2026 • 09:20:33 am

কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা CISF-এ ক্রীড়াবিদদের জন্য নতুন সুযোগ তৈরি হতে চলেছে। বাহিনীর বিভিন্ন পদে প্রায় ৪৫০ জন ক্রীড়াবিদ নিয়োগের প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে পারে বলে জানানো হয়েছে। কনস্টেবল, হেড কনস্টেবল এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদে ক্রীড়াবিদ নিয়োগের জন্য নিয়ম সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে খেলাধুলায় দক্ষ তরুণ-তরুণীদের সামনে সরকারি চাকরি এবং ক্রীড়াক্ষেত্রে নিজেদের প্রতিভা তুলে ধরার নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

শুধু নিয়োগ নয়, খেলোয়াড়দের প্রশিক্ষণ, ক্রীড়া পরিকাঠামো এবং আর্থিক সহায়তা বৃদ্ধিতেও জোর দিচ্ছে সিআইএসএফ। লক্ষ্য, অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এবং বিশ্ব পুলিশ ও দমকল ক্রীড়া প্রতিযোগিতার মতো আন্তর্জাতিক মঞ্চে বাহিনীর প্রতিনিধিদের সাফল্য বাড়ানো।

এই লক্ষ্যে হায়দরাবাদের ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি অ্যাকাডেমি এবং গ্রেটার নয়ডার প্রশিক্ষণ কেন্দ্রে অ্যাথলেটিক্স ট্র্যাক-সহ বিভিন্ন ক্রীড়া পরিকাঠামো তৈরি হয়েছে। হরিয়ানার নুহে মহিলা ব্যাটালিয়নেও পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। পাশাপাশি, থক্কোলমের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ব্যাডমিন্টন, টেনিস, ফেন্সিং ও সাইক্লিংয়ের মতো খেলার প্রশিক্ষণের জন্য একটি ক্রীড়া কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

আর্থিক সহায়তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে বাহিনী। ২০২৫-২৬ সালে পদকজয়ী খেলোয়াড় ও প্রশিক্ষকদের প্রায় ৯৭ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। ২০২৬ সালে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্যের জন্য ১৮ জন ক্রীড়াবিদকে বিশেষ বেতনবৃদ্ধি দেওয়া হয়েছে। পাশাপাশি, ক্রীড়া দলগুলিকে প্রায় ৭৬ লক্ষ টাকার সরঞ্জাম এবং ব্যক্তিগত সরঞ্জাম কেনার জন্য খেলোয়াড়দের অ্যাকাউন্টে সরাসরি ৭১ লক্ষ টাকা দেওয়া হয়েছে।

সব মিলিয়ে, এই উদ্যোগের মূল লক্ষ্য ক্রীড়া প্রতিভার বিকাশ, খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের সুযোগ বৃদ্ধি। তবে আগ্রহী প্রার্থীদের নিয়োগের বিজ্ঞপ্তি (cisf.mha.gov.in) প্রকাশিত হলে যোগ্যতা, বয়সসীমা, খেলার বিভাগ এবং আবেদনের সময়সীমা ভালোভাবে যাচাই করতে হবে।