Calcutta Television Network

সিআরপিএফ-এ ৫২১ পদে বড় নিয়োগ, ক্রীড়াবিদদের জন্য দারুণ সুযোগ

সিআরপিএফ-এ ৫২১ পদে বড় নিয়োগ, ক্রীড়াবিদদের জন্য দারুণ সুযোগ
2 November 2026 • 11:19:35 am

কেন্দ্রীয় রিজার্ভ পুলিস ফোর্স বা CRPF-এ ক্রীড়াবিদদের জন্য বড় নিয়োগের ঘোষণা। মোট ৫২১টি শূন্যপদে হেড কনস্টেবল (জেনারেল ডিউটি) এবং কনস্টেবল (জেনারেল ডিউটি) নিয়োগ করা হবে। এর মধ্যে ১৮২টি হেড কনস্টেবল এবং ৩৩৯টি কনস্টেবল পদ রয়েছে। পুরুষ ও মহিলা-উভয় প্রার্থীর জন্যই রয়েছে নির্দিষ্ট সংখ্যক আসন। ফলে যোগ্য ক্রীড়াবিদদের সামনে সরকারি চাকরির বড় সুযোগ তৈরি হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই নিয়োগে সাধারণ শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে সাফল্য বিশেষ গুরুত্ব পাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন ক্রীড়া বিভাগে জাতীয় বা আন্তর্জাতিক স্তরের চ্যাম্পিয়নশিপে পদকজয়ী, নির্দিষ্ট স্থানাধিকারী কিংবা অংশগ্রহণকারী ক্রীড়াবিদরা আবেদন করতে পারবেন। তবে ক্রীড়া সংক্রান্ত যোগ্যতার প্রমাণ হিসেবে বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়সীমার মধ্যে অর্জিত সাফল্য বা শংসাপত্রই গ্রহণ করা হবে। যোগ্য প্রার্থীদের জন্য অনলাইন আবেদন শুরু হবে ১২ অক্টোবর ২০২৬ থেকে। আবেদন করা যাবে CRPF-এর নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে (rect.crpf.gov.in)। আবেদনের শেষ সময় ১১ নভেম্বর ২০২৬। অর্থাৎ হাতে রয়েছে প্রায় এক মাস সময়। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের ক্রীড়া সাফল্যের ভিত্তিতে নম্বর দেওয়া হবে এবং সেই নম্বরের ভিত্তিতেই তৈরি হবে মেধাতালিকা।

একাধিক প্রার্থীর নম্বর সমান হলে বয়সে বেশি প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তাই আবেদন করার আগে নিজের ক্রীড়া শংসাপত্র, যোগ্যতা এবং প্রয়োজনীয় নথি ভালোভাবে যাচাই করা অত্যন্ত জরুরি।