ক্রিকেটের বাইশ গজে কিছু কিছু খেলোয়াড়ের বিদায় শুধু একটি অধ্যায়ের সমাপ্তি নয়, বরং সেই বিদায় স্তব্ধ করে দেয় কোটি কোটি ভক্তের আবেগকে। ১৭ নভেম্বর, ২০২৬-ভারতীয় ক্রিকেটের ইতিহাসে হয়ে থাকবে আরেকটি বিষাদময় দিন। যে মানুষটির শান্ত চাহনি আর ইস্পাতকঠিন স্নায়ুর ওপর ভর করে ভারত জিতেছিল তিনটি আইসিসি ট্রফি, সেই মহেন্দ্র সিং ধোনি অবশেষে খেলোয়াড় হিসেবে বিদায় জানালেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকেও।
রাঁচির নাম না জানা এক গলি থেকে উঠে আসা লম্বা চুলের এই তরুণ একদিন বিশ্বক্রিকেট শাসন করবেন, তা কে জানত! ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর নিজের মারকাটারি ব্যাটিং আর অবিশ্বাস্য নেতৃত্বগুণে তিনি বদলে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের মানচিত্র। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি-তিনিই বিশ্বের একমাত্র অধিনায়ক, সীমিত ওভারের তিনটি শিরোপাই উঠেছিল যার হাতে। ২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে নিঃশব্দে বিদায় জানালেও, ভক্তদের জন্য তিনি বেঁচে ছিলেন চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে।
২০০৮ সালে, আইপিএলের জন্মলগ্ন থেকেই চেন্নাইয়ের ‘থালা’ হয়ে উঠেছিলেন ক্যাপ্টেন ধোনি। তাঁর নেতৃত্বেই সিএসকে জিতেছে পাঁচটি আইপিএল ট্রফি, খেলেছে দশটি ফাইনাল। ২৭৮টি ম্যাচে ৫,৪৩৯ রান, ২৬৪টি ছক্কা কিংবা উইকেটের পেছনে চোখের পলকে ২০৫টি ডিসমিসাল-এসব পরিসংখ্যান কেবল সংখ্যা মাত্র। তবে 'ধোনি-ম্যাজিক' ছিল ম্যাচের শেষ ওভার পর্যন্ত তাঁর ক্রিজে টিকে থাকা। যতক্ষণ তিনি উইকেটে থাকতেন, অসম্ভব বলে কোনো শব্দ চেন্নাই বা ভারতের অভিধানে ছিল না। ধোনি থাকা মানেই সেই ম্যাচ পকেটে পুড়ে বাড়ি ফিরত দল।
চোটের কারণে ২০২৬-এর মরসুমে মাঠে নামতে না পারায় ভক্তদের মনে শঙ্কার মেঘ জমছিলই। অবশেষে ৪৫ বছর বয়সে এসে ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি। খেলোয়াড় হিসেবে বিদায় নিলেও চেন্নাইয়ের মায়া ত্যাগ করেননি, ২০২৭-এ দলের মেন্টর হিসেবে ডাগআউটে থাকবেন সকলের প্রিয় ‘থালা’। তবুও মন মানতে চায় না। সাত নম্বর জার্সি গায়ে চেন্নাইয়ের হলুদ সমুদ্রে আর কোনো হেলিকপ্টার শট দেখা যাবে না, শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানোর পর সেই নির্লিপ্ত হাসি আর ফিরবে না। ধোনি শুধুমাত্র একজন ক্রিকেটার নন, তিনি গোটা একটি প্রজন্মের শৈশব, কৈশোর আর যৌবনের আবেগ। বিদায় ক্যাপ্টেন কুল, বাইশ গজ তোমায় চিরকাল মনে রাখবে।