Calcutta Television Network

ধোনি-যার শান্ত চাহনি আর ইস্পাতকঠিন স্নায়ুর ওপর ভর করে ভারত জিতেছিল তিনটি আইসিসি ট্রফি, শেষ হল একটা যুগের

ধোনি-যার শান্ত চাহনি আর ইস্পাতকঠিন স্নায়ুর ওপর ভর করে ভারত জিতেছিল তিনটি আইসিসি ট্রফি, শেষ হল একটা যুগের
18 November 2026 • 12:53:27 pm

অনিন্দ্য বিশ্বাস: খড়্গপুর স্টেশন, যাত্রীদের কোলাহল, ট্রেনের হুইসেল। সাদা ইউনিফর্মের একজন তরুণ টিকিট চেকার, এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্ম, দৌড়াদৌড়ি, কাজের চাপ। সারাদিনের ব্যস্ততার পরে ঘিরে ধরত ক্লান্তি, কিন্তু চোখে ছিল তাঁর বাইশ গজের স্বপ্ন। সেদিনের সেই সাধারণ একজন তরুণ রেলকর্মীই যে ১৮০ কোটি মানুষের আবেগের নাম হয়ে উঠবেন, তা কে জানত!

হ্যাঁ, আন্দাজটা করেছেন ঠিকই! গল্পটা মহেন্দ্র সিং ধোনির। রাঁচির ছাপোষা এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ছেলেটি বদলে দিল ভারতীয় ক্রিকেটের মানচিত্র। সৌরভ-উত্তর যুগে যখন ভারতীয় ক্রিকেট হালে পানি খুঁজছে, ২০০৭ এর বিশ্বকাপ ব্যর্থতা, একের পর এক সিরিজে ব্যর্থতা। যোগ্য অধিনায়কের অভাবে দলের মধ্যে গৃহযুদ্ধ তখন চরমে, ঠিক সেই সময়েই ঠান্ডা মাথার এই মানুষটি এসে হাল ধরল ভারতীয় ক্রিকেটের। ব্যস, তারপর, আর পিছনে ফিরে দেখতে হয়নি ভারতের ক্রিকেটকে।

 

তবে খেলোয়াড় জীবনের শুরুর দিকে ধোনি ছিলেন ফুটবলার। স্কুল টিমের গোলরক্ষক ছিলেন তিনি। কিন্তু এক তিনকাঠি ছেড়ে ভাগ্য তাঁকে অন্য এক তিনকাঠির পিছনে দাঁড় করিয়ে দিল। কোচ কেশব রঞ্জন ব্যানার্জীর হাত ধরে শুরু হল ছোট্ট মহেন্দ্রর নতুন পথ চলা। কিন্তু তাঁরা যে মধ্যবিত্ত, স্বপ্নপূরণ করতে গেলেও মধ্যবিত্ত বাড়ির সন্তানদের পিছন ফিরেও তাকাতে হয়। বাবার ইচ্ছে আর সংসারের হাল ধরতেই ২০০১ সালে রেলের চাকরিতে জয়েন করলেন। 

নিরাপদ কেন্দ্রীয় সরকারের চাকরি, মাস ফুরালে সময় মত বেতন। একজন স্ট্রাগল করা মধ্যবিত্ত তরুণের কাছে এর চাইতে ভালো আর কী হতে পারে? কিন্তু ধোনির স্বপ্নের মাপটা যে বাইশ গজের। ডিউটি শেষে বিকেল থেকে রাত পর্যন্ত চলত প্র্যাকটিস, ফ্লাডলাইটেই। কিন্তু দু-নৌকায় তো পা দিয়ে চলা যায় না। আর সেই চরম সিদ্ধান্ত নিয়ে ধোনি ছেড়ে দিলেন চাকরিটা। অনেকেই সেই সিদ্ধান্তকে বলেছিলেন পাগলামি। কিন্তু ওই যে কথায় আছে, সব পাগল জিনিয়াস হয় না, কিন্তু সব জিনিয়াস পাগল হয়। ব্যস, দৌড় শুরু হল বাইশ গজে। 

২০০৪ সালে জাতীয় দলে সুযোগ পেলেন ধোনি। শুরুটা সেভাবে হল না, ব্যর্থ হল ধোনির ব্যাট। যে মারকাটারি ব্যাটিং দেখে নির্বাচকরা তাঁকে বেছে নিয়েছিলেন, সেই খেলা তিনি দেখতে পারলেন না। সমালোচনা চলল! কিন্তু ২০০৫-এ পাকিস্তানের বিরুদ্ধে বিশাখাপত্তনমে তাণ্ডব চালালেন লম্বা চুলের ওই তরুণ। ১৪৮ রানের একটা সাজানো ইনিংস, কোথাও যেন ট্রেলার হয়ে থাকল নতুন রাজার আগমনের। 

এরপরের ইতিহাস তো সবারই জানা। ২০০৭-এ একঝাঁক তরুণকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, ২০১১ সালে ওয়াংখেড়েতে সেই ঐতিহাসিক ছক্কায় ২৮ বছরের খরা কাটানো, আর ২০১৩-তে চ্যাম্পিয়ন্স ট্রফি। মানুষটির শান্ত চাহনি আর ইস্পাতকঠিন স্নায়ুর ওপর ভর করে ভারত জিতেছিল তিন তিনটি আইসিসি ট্রফি। আর এটাই ছিল ধোনির ইউএসপি! মাঠে ঝড় উঠলেও ধোনির কপালে কখনো চিন্তার ভাঁজ দেখা যেত না। চাপের মুখেও বরফের মতো ঠান্ডা মাথায় ম্যাচ বের করে আনার অদ্ভুত এক ক্ষমতা ছিল তাঁর। তাই তো তিনি ‘ক্যাপ্টেন কুল’। রাঁচির গলি পেরিয়ে খড়্গপুরের প্ল্যাটফর্ম, আর সেখান থেকে ক্রিকেটে বিশ্বজয়। 


গতকাল শেষ হয়ে গেল একটা ইনিংস। বছর পঁয়তাল্লিশের তরুণ ব্যাট হাতে আসবে না মাঠে, উইকেটের পিছনেও দাঁড়াবে না। কালের নিয়মে এই অবসর খুবই স্বাভাবিক। তবুও মন মানতে চায় না। সাত নম্বর জার্সি গায়ে চেন্নাইয়ের হলুদ সমুদ্রে বা ভারতের নীল জার্সি গায়ে আর কোন  হেলিকপ্টার শট দেখা যাবে না, শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানোর পর সেই নির্লিপ্ত হাসি আর ফিরবে না। ধূমকেতুর মতই তাঁর আগমন, চলে যাওয়াটাও তাই। তিনি 'আমি' হতে চাননি, 'আমাদের' হয়ে থেকে গেলেন। ধোনি হয়ে রইলেন একটি গোটা প্রজন্মের শৈশব, কৈশোর আর যৌবনের আবেগ। বিদায় ক্যাপ্টেন কুল, বাইশ গজ তোমাকে চিরকাল মনে রাখবে।