অনলাইন গেম খেলতে বাধা দিয়েছিল মা-বাবা। অভিমানে চরম সিদ্ধান্ত নিল তিন নাবালিকা বোন। বহুতল আবাসনের ১০তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল তিনজনেই। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। ঘ...
অনলাইন গেম খেলতে বাধা দিয়েছিল মা-বাবা। অভিমানে চরম সিদ্ধান্ত নিল তিন নাবালিকা বোন। বহুতল আবাসনের ১০তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল তিনজনেই। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। ঘটনাস্থলেই তিন নাবালিকার মৃত্যু হয় বলে খবর সূত্রের।
জানা যাচ্ছে, ওই তিন বোনের বয়স যথাক্রমে ১২, ১৪ এবং ১৬। মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনাটি ঘটে। করোনার অতিমারির সময় থেকেই মোবাইলে গেমের প্রতি আসক্তি বেড়েছিল তাদের। কিন্তু তার পরিণতি যে এইরকম ভয়াবহ হতে পারে তা হয়ত কল্পনাও করতে পারেনি পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে, মোবাইল দেখা নিয়ে প্রায়শই বাড়িতে অশান্তি চলত। তিন মেয়ের অনলাইন গেমের প্রতি এমন আসক্তি পছন্দ ছিল না বাবা-মায়ের। তেমনি মঙ্গলবার রাতেও ওই গেম খেলা নিয়েই অশান্তি বাধে বাড়িতে। অনলাইনে গেম খেলতে বারণ করেছিলেন মা-বাবা। এরপরেই অভিমানে মধ্যরাতে আবাসনের ১০তলা থেকে ঝাঁপ দেয় তিন নাবালিকা। পরে ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় টিলা মোড় থানার পুলিস।
দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠান হয়। প্রাথমিকভাবে এই আত্মহত্যাই বলে মনে করছে তদন্তকারীরা। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যাবে বলে মনে করছেন আধিকারিকেরা। ইতিমধ্যেই এই ঘটনায় পরিবার ও আশপাশ থেকে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিস।